প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যরে লীলাভূমি সিলেটের পর্যটন কেন্দ্র গুলোর মধ্যে গোয়াইনঘাট উপজেলার অন্যতম স্থান হচ্ছে প্রকৃতিকন্যা জাফলং। আর সেই জাফলংয়ের মামার বাজার হতে প্রায় ২ কিলোমিটার রাস্তার করুণ পরিস্থিতির কারণে চির চেনা বল্লাঘাটের নামটি মুছে যাচ্ছে পর্যটকদের মন হতে। আশেপাশের সরকারী বেসরকারী প্রতিষ্ঠানগুলোও বন্ধ হওয়ার উপক্রম।
জানা যায়- বিগত ১০ বছর হতে ২ কিলোমিটার রাস্তায় ভাঙ্গন দেখা দিলেও সড়ক ও জনপথ কিংবা স্থানীয় প্রশাসন রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। মামার বাজার হতে বল্লাঘাট পর্যন্ত সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা, বিকল হচ্ছে পণ্যবাহি ও যাত্রীবাহি পরিবহন সমুহ। একের পর এক দূর্ঘটনার ফলে পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছে জাফলং বল্লাঘাট হতে। জেলা পরিষদের মালিকানাধিন বল্লাঘাট পিকনিক সেন্টারসহ এখানকার ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। স্থানীয় ব্যবসায়ি ও সামাজিক সংঘটন সমূহ রাস্তাটি সংস্কারের দাবীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি, রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্দন পালন করে আসলেও রাস্তাটির সংস্কার হয়নি।
পর্যটক না আসায় জেলা পরিষদের মালিকানাধিন প্রতিষ্ঠানটি লীজ নিয়ে লোকসান গুনতে হচ্ছে লীজ গ্রহিতা মেসার্স সিরাজ এন্ড ব্রাদার্স এর প্রোপাইটার সিরাজুল ইসলামকে। লীজ গ্রহিতা সিরাজুল ইসলাম প্রতিবেদককে জানান- ২৩ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠানটির লীজ গ্রহণ করি। কিন্তু রাস্তার কারণে পর্যটকরা গাড়ী নিয়ে সেন্টারে প্রবেশ করছে না। তাই চলতি বৎসরে লীজের এক তৃতীয়াংশ টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। অপর দিকে অবৈধভাবে পর্যটকরা বিজিবি ক্যাস্প সংলগ্ন এলাকায় প্রবেশ করায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি জেলা পরিষদকে বার বার বিষয়টি জানানোর পর কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে ক্ষুধা রেষ্টুরেন্টের মালিক সফিকুল ইসলাম বিক্রমপুরী জানান- দোকান ভাড়া কর্মচারীদের বেতন উঠে আসছে না। শুধুমাত্র রাস্তার পরিস্থিতির কারণে এমনটাই হয়েছে।
এছাড়া নারাণগঞ্জ রেষ্টুরেন্ট এর মালিক ফারুক মিয়া, মরিয়ম রেষ্টুরেন্ট এর মালিক তোতা মিয়া, মা-মনি কাপড়ের দোকানের মালিক নজরুল ইসলাম, শাহজালাল কুটি শিল্পের মালিক রুবেল আহমদ প্রতিবেদকে জানান- চিরচেনা বল্লাঘাটের এমন দূর্দশা সৃষ্টি হবে এমনটা কখনও আশা করিনি। শুধুমাত্র মামার বাজার হতে বল্লাঘাট পর্যন্ত রাস্তার এমন পরিস্থিতির ফলে তা হয়েছে। তারা আরও বলেন- পর্যটক না আসায় সরকারি প্রতিষ্ঠানসহ ব্যক্তি মালিকানাধিন এসকল প্রতিষ্ঠানকে লোকসান দিতে হচ্ছে। একদিকে যেমন সরকারী প্রতিষ্ঠান রাজস্ব হারাচ্ছে অন্যদিকে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গুলোও বন্ধ হয়ে যাচ্ছে। রাস্তা সংস্কার না হলে অচিরেই এসকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
এ নিয়ে ঢাকা হতে আসা হানিফ পরিবহনের চালক তোফায়েল জানান- পূর্বের বছরগুলোতে আমরা মাসে ২/৩ বার বল্লাঘাটে পর্যটক নিয়ে আসতাম। কিন্তু রাস্তার পরিস্থিতির কারণে এখন কেউ জাফলংয়ের বল্লাঘাটে আসতে চায়না। তিনি আরও জানান- যারা একবার গাড়ী নিয়ে আসে তারা আর দ্বিতীয়বার আসতে চায়না। জৈন্তাপুর হতে মামার বাজার পর্যন্ত রাস্তার পরিস্থিতি যেমন তেমন হলেও মামার বাজার হতে বল্লাঘাট এর পরিস্থিতি চরম। যার ফলে গাড়ীর মারাত্বক ক্ষতি হচ্ছে।
এমন ভাবে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা পর্যটকবাহী পরিবহনের চালকদের সাথে আলাপকালে তারা বলেন- সিলেটে প্রবেশ করে জাফলংয়ের কথা মনে পড়লে আমরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়ি। তারা বলেন- পর্যটন শিল্পটি ধরে রাখতে মামার বাজার হতে বল্লাঘাট পর্যন্ত রাস্তাটি সংস্কারের প্রয়োজন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: