বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

ছাতকে রামদার আঘাতে যুবকের আঙ্গুল কর্তন


অপরাধ ডেস্ক : 
ছাতকের পল্লীতে এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। রামদার উপর্যুপরি আঘাতে মাথা ও পিঠ ছাড়াও হাতের তিনটি আঙ্গুল প্রায় বিচ্ছন্ন হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুর্শী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সুজন (৩০) উত্তর কুর্শী গ্রামের তকম উল্লাহর ছেলে।

সুজনের ভাই আব্দুস শুকুর জানান, সন্ধ্যায় বাড়ি থেকে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সোবহান, জামিল, আব্দুল খালিক, রাজাই মিয়া, ভুলু ও আব্দুস ছালামসহ কয়েকজন মিলে তার উপর হামলা করে। প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীরা সুজনকে ধাওয়া করে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। রামদার আঘাতে ৩টি আগুল প্রায় বিচ্ছিন্ন ছাড়াও মাথা ও পিঠে একাধিক আঘাত রয়েছে। রাত ১০ টায় তার অপারেশন চলছিল বলে শুকুর জানান।

তিনি আরও জানান, সম্প্রতি শিশুদের ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে তাদের সঙ্গে বিরোধ দেখা দেয়। সোমবার ছামির নামে এক শিশুকে তারা মারধর করে তারা। ওই ঘটনার প্রতিবাদ করলে মঙ্গলবার উল্টো আবার হামলা করে। এ ব্যপারে মামলা করবেন বলে তিনি জানান।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানিয়েছেন হামলার ব্যপারে কেউ অবগত করেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন


0 comments: