নিউজ ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছেন। লাভ হবে না, জনগণ জেগে উঠবে। তারেক সাহেব জনগণের সমর্থন নিয়েই এদেশে ফিরে আসবেন।
শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ভয় পেয়েছে। তারা এমন ভয় পেয়েছে যে, আমাদের সভাও করতে দেয় না। লালদীঘি ময়দান চেয়েছিলাম সভা করতে, অনুমতি দেয় নাই। কেন দেয় নাই? এই সভা বন্ধ করে দিয়ে কোন লাভ হবে না। জনগণকে আটকে রেখে কোন দিন কোন স্বৈরাচার টিকে থাকতে পারে নাই।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন বুঝতে পারেন না? জনগণের ভাষা কেন বুঝতে পারেন না। জনগণকে বাহিরে রেখে কোন দেশে কেউ টিকে থাকতে পারে নাই। বাংলাদেশেও পারবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এদেশের মানুষ বারবার তা প্রমাণ করেছে। দশ বছর থেকে দেশের মানুষ অধিকার বঞ্চিত। আবার সবাই এক হয়েছে দেশকে মুক্ত করার জন্য।
বিএনপি মহাসচিব বলেন, এই জাতি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তাদের হারানোর কিছু নেই। অন্যায় এবং অপরাধকে ভিত্তি করে সরকার দেশ পরিচালনা করছে। জনগণ তা আর মেনে নেবে না। সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নেই। তাই বিরোধী দলের নেতাকর্মীদের বন্দী করে ক্ষমতায় থাকতে চায়।
তিনি বলেন, সরকার নিজেরা নাশকতা-সহিংসতা করে। তারপর বিরোধীদলের ওপর দোষ দেয়। বিরোধী দলের নেতাকর্মীদের বন্দী করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণকে জিম্মি করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। বন্দুক, পিস্তল দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন পাকিস্তানিরাও দেখেনি। আমরা অন্যায়ের কাছে মাথানত করব না।
তিনি বলেন, আমরা জাতীয় ঐক্য সৃষ্টি করে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত করব। সাত দফা দাবি আদায় করে তবেই আমরা ঘরে ফিরব। ভোটের অধিকার নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।
জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হেসেনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: