নিউজ ডেস্ক :
বর্তমানে মোংলা বন্দরের আউটার বার এলাকায় কম গভীরতার কারণে ৮ দশমিক ৫ মিটারের অধিক ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারে না। তাই আউটার বার এলাকা খননের মাধ্যমে গভীরতা বাড়াতে চায় সরকার। এ জন্য ৫৯২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে আউটার বার খননে একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা বেগম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন মোংলাবন্দর কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন মোংলাবন্দর চ্যানেলের আউটার বারে ড্রেজিংয়ের (খনন) জন্য একমাত্র দরদাতা হিসেবে কাজ পেয়েছে হংকং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ৫৯২ কোটি ৫১ লাখ টাকা।
সূত্র জানায়, বর্তমানে মোংলা বন্দরের আউটার বার এলাকায় কম গভীরতার কারণে ৮ দশমিক ৫ মিটারের অধিক ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারে না। তবে এ খনন কাজ সম্পন্ন হলে মোংলা বন্দরে ভিড়তে পারবে সাড়ে ১০ দশমিক মিটার ড্রাফটের ৫০ হাজার টন ধারণক্ষমতার বিশার আকৃতির ‘মাদার ভেসেল’।
বন্দর কর্তৃপক্ষ জানায়, অবস্থানগত কারণে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ ভারত, নেপাল এবং ভূটানের মালামাল হ্যান্ডলিং ও পরিবহনের সহজ সুযোগ রয়েছে মোংলা বন্দরে। কিন্তু অ্যাংকরেজ এলাকায় ১০ দশমিক ৫ মিটারের ঊর্ধ্বে জাহাজ ভেড়ার সুযোগ থাকলেও আউটার বার এলাকায় কম গভীরতার কারণে ৮ দশমিক ৫ মিটারের অধিক ড্রাফটের জাহাজ প্রবেশ করতে পারে না। এ জন্য মোংলাবন্দর চ্যানেলের আউটার বার এলাকায় গভীর ড্রেজিংয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: