নিউজ ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুভয়কে তুচ্ছ করে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহস, দৃঢ় মনোবল ও অভীষ্ট লক্ষ্যে অবিচল থেকে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমনকি ৭৫-এর শোককে শক্তিতে পরিণত করে তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। জনগণের প্রতি তার অপার ভালোবাসা তাকে নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।
বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ‘পিচ অ্যান্ড হারমোনি’ নামে ৭১টি অনুপম কবিতার দ্বিভাষিক সংকলনের এই প্রকাশনা উৎসবটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে। শেখ হাসিনাকে নিবেদিত করে কবিতাগুলো সংকলন করা হয়েছে।
স্পিকার বলেন, একাত্তর শব্দটি বাঙালি জাতির জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিনকে কেন্দ্র করে ৭১টি নির্বাচিত অনুপম কবিতার দ্বিভাষিক সংকলন এক চমৎকার উদ্যোগ। তার লড়াই ও সংগ্রামী জীবনে বিভিন্ন অধ্যায় কবিদের মনের মাধুরী মেশানো লেখনীর মাধ্যমে ‘পীচ অ্যান্ড হারমোনি” প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়। বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল এবং ২০৪১ সালে সুখী সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশনা উৎসব পরিষদের সভাপতি অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমেদ। এ ছাড়া অভিনেত্রী শমী কায়সার, কবি ড. আবুল আজাদ, আনিস মোহাম্মদ, কবি আজিজুর রহমান ও অধ্যাপক আহমেদ রেজা বক্তব্য দেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: