ফাতেমা ও জেরিন। শিশু বয়সী এই দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। আজ শনিবার সকালে বাড়ির মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল তারা। পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল শিশু দুটি। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম ফাতেমা ওয়াদুল রোজা (১২) ও জেরিন (১১)। শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। ফাতেমা বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির এবং জেরিন একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সকাল ১০টার দিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল করে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ফাতেমা উপজেলার বাগুড়ী গ্রামের আলমগীর কবীরের মেয়ে। আলমগীর বাগআঁচড়া আফিলউদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক। জেরিন একই উপজেলার সাতমাইল এলাকার ইব্রাহিম হোসেনের মেয়ে। জেরিন মামার বাড়িতে থেকে লেখাপড়া করত।
একজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আলমগীর কবীর মেয়ে ফাতেমা ও বোনের মেয়ে জেরিনকে মোটরসাইকেলে করে যশোর-সাতক্ষীরা মহাসড়ক দিয়ে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। সকাল আটটার দিকে মোটরসাইকেলটি বাগআঁচড়া বাজারের ফাস্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে সাতক্ষীরাগামী বালুবোঝাই একটি ট্রাক সামনের দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফাতেমা ও জেরিন মহাসড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। আহত হন আলমগীর কবীর (৪০)।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) পলিটন মিয়া বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:
0 comments: