রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

বিএনপি ছাড়ার ৩ বছর, সমশের এখন বিকল্পধারার

সিলেট ডেস্ক : 
সিলেটের সন্তান বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর দল পদত্যাগের ৩ বছর আজ। ২০১৫ সালের এই দিনে (২৮ অক্টোবর) বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পাঠানো এক পত্রে তিনি দল ত্যাগ করেন।

পরের দিন বিষয়টি জানতে পারেন দলীয় নেতাকর্মীসহ দেশবাসী। বিএনপির স্বনামধন্য এই নেতার আকস্মিক পদত্যাগ ভাবিয়ে তুলে সিলেটে থাকা তার শুভাকাঙ্খিদেরসহ সারাদেশের রাজনীতিকদের।

তবে দীর্ঘ তিন বছর তিনি রাজনীতি থেকে দূরে থাকলেও গত ২৬ অক্টোবর বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে সমশের এম চৌধুরী বীরবিক্রম আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দিয়েছেন। এখন তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য।

বিএনপি ছাড়ার তিন বছর পূর্তির ঠিক আগের দিন এক অনুষ্ঠানে এই পদ তাকে দেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বিএনপি থেকে অবসর নেওয়ার তিন বছর পর বিকল্পধারায় যোগ দিয়েছেন মুক্তিযুদ্ধের রণাঙ্গণের এই অগ্রসৈনিক। এ প্রসঙ্গে সমশের মবিন চৌধুরী বলেন, ‘আমি যখন রাজনীতি থেকে অবসর নিই, একটা কথা তখন উল্লেখ করেছিলাম। শারীরিক সুস্থতার সাপেক্ষে বাংলাদেশের ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে যদি দেশ ও জাতির জন্য কোনও ধরনের অবদান রাখার সুযোগ আসে, ভূমিকা রাখার সুযোগ পাই, তাহলে নিজেকে আমি সেই কাজে সম্পৃক্ত করবো। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে বিকল্পধারায় যোগ দিলাম।’

২৬ অক্টোবর বিকেলে আনুষ্ঠানিক ভাবে বিকল্পধারায় যোগদান করেন তিনি। এরপরই এসব কথা বলেন।

সমশের এম চৌধুরী বীরবিক্রম আরোও বলেন, ‘আমি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, সাহসী নেতৃত্বে দেশপ্রেমের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতিতে আস্থা রেখে, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি সম্মান দেখিয়ে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। যেন আগামীতে বাংলাদেশকে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখবো।’

এদিকে বিকল্পধারায় যোগদানের পর দলটির প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে সমশের মবিন চৌধুরীকে। শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ সিদ্ধান্ত জানান বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

আলোচিত সেই পদত্যাগপত্র:

বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে পাঠানো সমশের মবিনের চিঠিটি সিলেটবাংলা২৪.কম এর কাছে সংরক্ষিত রয়েছে। কি ছিল সেই চিঠিতে এটা নিয়ে আগ্রহের কমতি নেই। আলোচিত চিঠিটি আবারও সামনে আনা হলো-

তারিখ: ঢাকা, ২৮/১০/২০১৫।

মান্যবর,

বেগম খালেদা জিয়া, মাননীয় চেয়ারপার্সন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মাননীয় চেয়ারপার্সন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করিবেন।

আপনি নিশ্চয় আবগত আছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমি গুরুতর ভাবে আহত হয়ে ছিলাম। সে কারণে আমাকে বিভিন্ন সময় দেশে বিদেশে নানা বিধ চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।
আমার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার কারণে আমি অনতি বিলম্বে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

অবসর গ্রহণের প্রেক্ষিতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল পদ থেকেও পদত্যাগ করলাম।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বাস্থ্যগত সীমাবদ্ধতার মধ্যে থেকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রয়াস আমার চিরকাল থাকবে।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদান্তে
স্বাক্ষরিত
(সমশের এম চৌধুরী, বীর বিক্রম)
ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন


0 comments: