দিঘীর শহর হিসেবে সিলেটের অতীত স্মৃতি আর নেই। কালের বিবর্তনে এখন ‘দিঘীর শহর’ খ্যাতি প্রায় হারিয়েই গেছে। হাতেগোনা কয়েকটি দিঘী, আর হারিয়ে যাওয়া অন্য দিঘীগুলোর শুধুমাত্র ‘নাম’- বয়ে নিয়ে বেড়াচ্ছে অতীত স্মৃতি।
সেই ঐতিহ্যের স্মারক দিঘীগুলোর একটি ধোপাদিঘী। দিঘীটিকে পুন:খনন করে নতুনরূপ দিতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। ইতোমধ্যে দিঘীকে নতুনরূপে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। গত রবিবার দুপুর থেকে টানা দুইদিন দিঘী দখল করে থাকা অর্ধশতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশনের বুলডোজার। এখন দিঘীর ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে। এটি শেষ হলে শুরু হবে খনন কাজ। পুনখননের পরপরই দিঘীর উপর নির্মিত হবে ‘ভাসমান রেস্টুরেন্ট’। যেটি কিনা সিলেটে কোন দিঘীর উপর প্রথমবারের মতো হচ্ছে।
নগরীর সৌন্দর্যবর্ধন আর বিনোদনের খোরাক হিসেবে ধোপাদিঘীর নান্দনিক রূপ বড় ভূমিকা রাখবে মনে করছেন নগরবাসী। নগরীতে এর আগে থেকে সুরমা নদীর উপরে একটি বেসরকারী প্রতিষ্ঠানের ভাসমান রেস্টুরেন্ট থাকলেও নগরীর প্রাণকেন্দ্রে কোন দিঘীর উপর এটিই হবে প্রথম রেস্টুরেন্ট। ব্যস্ত নগরীতে বিনোদনে সেটি নি:সন্দেহে ভিন্নমাত্রা যোগ করবে- মনে করছেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ ও নগরভবন কর্তৃপক্ষ।
সিসিক সূত্র জানিয়েছে- দখল আর স্থাপনার দাপট থেকে বেঁচে যাওয়া প্রাচীনতম ধোপাদিঘীতে আধুনিকতার মিশেলে ফিরিয়ে আনা হবে হারানো রূপ। আর দখলে থাকা কিছু অংশ এগুলো উদ্ধারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নতুন করে আবার খনন করা হবে দিঘীটি। দিঘীর চারপাশে জায়গা সঠিকভাবে চিহ্নিত করে সেখানে নির্মাণ করা হবে পায়ে হাটার পথ। আর ঠিক মাঝখানে নির্মিত হবে নগরবাসীর আগ্রহের সেই ভাসমান রেস্টুরেন্ট। ভাসমান হলেও সেটি ঠিক মাঝখানে স্থায়ীভাবে থাকবে; পানির নিচ থেকে ফাউন্ডেশনের মাধ্যমে নির্মিত হবে।
প্রচলিত কোন ভাসমান রেস্টুরেন্টের মতো সেটি ভেসে বেড়াবে না। দূর থেকে দেখতে মনে হবে একটি ‘জাহাজ’ দাঁড়িয়ে আছে। আর এই ভাসমান রেস্টুরেন্টের চারপাশে দিঘীর জলে ভেসে বেড়াবে ছোট ছোট নৌকা। যেগুলোতে নগরবাসীসহ যেকোন মানুষ একটি নির্দিষ্ট নিয়মে ছড়তে পারবেন। কাটাতে পারবেন তাদের অবসর সময়।
আর দিঘীর পাড়ের চারপাশে থাকবে পায়ে হাটার পথ। সেইপথগুলোতে একটি নির্দিষ্ট স্থান পরে পরে থাকবে বসার জায়গা। বসার জায়গাগুলো অনেকটা শাহী ঈদগাহ মিনারের বসার জায়গাগুলোর মতো হবে। আর দিঘীর চারপাশে লাগানো হবে নানাপ্রজাতির গাছগাছালি। সৌন্দর্য্যবর্ধনে থাকবে ফুলের টব, ফুলের গাছগাছালিও। দিঘীর সৌন্দর্য্যবর্ধনের পর সেটির প্রবেশ পথ থাকবে পূর্বদিকে। নবনির্মিত সিটি কর্পোরেশন মসজিদের পাশ দিয়েই। মসজিদের সৌন্দর্য্যবর্ধনেও দিঘীর নতুন রূপ ভূমিকা রাখবে বলে মনে করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পূর্বদিক থেকে একটি পায়ে হাটার পথ গিয়ে সরাসরি যুক্ত হবে দিঘীর মাঝখানের রেস্টুরেন্টটির সাথে।
২০১৬ সালে সিলেট সার্কিট হাউসে অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে এ বিষয়ে চুক্তিস্বাক্ষরও সম্পন্ন হয়েছিল। এরপর আনুষাঙ্গিক অন্যান্য কাজ বেশ এগিয়েছে। দরপত্র আহবান করার পর সেটির সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে নগরভবন দিয়েছে কার্যাদেশও । দিঘীটি সম্পূর্ণরূপে দখলমুক্ত না থাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে পারেনি। সম্প্রতি সিটি কর্পোরেশনের উদ্যোগে দিঘী দখল করে থাকা অর্ধশত স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। এখনও সেখানে সিটি কর্পোরেশনের অভিযান পরিচালিত হচ্ছে। সেটি শেষ হওয়ার পরপরই দিঘীর উপর শুরু হবে ওয়াকওয়ে ও ভাসমান রেস্টুরেন্ট নির্মাণ কাজ।
সিসিক সূত্র জানিয়েছে, ভারতীয় সরকার সিলেট নগরীর উন্নয়নে প্রায় ২২ কোটি টাকা অনুদান প্রদান করেছে। সিলেট নগরীর উন্নত পরিবেশ, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ধোপাদিঘীর উন্নয়ন কাজেও সেই অনুদান থেকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। দিঘীর সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণে ১২ থেকে ১৩ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- ‘ভারত সরকারের অনুদানের টাকায় ধোপাদীঘি পুন:খনন, চারদিকে ওয়াকওয়ে নির্মাণ, মাঝখানে ভাসমান রেস্টুরেন্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দরপত্র আহবান সম্পন্ন হয়েছে। শিগগিরই দিঘীতে কাজ শুরু হবে।’
ধোপাদিঘীতে সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ শেষ হলে দীঘির শোভাবর্ধন হবে এবং কর্মব্যস্ত নগরবাসী অবসরে স্বস্তির নি:শ্বাস নিতে পারবেন বলে মনে করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রসঙ্গত, পূণ্যভূমি সিলেট একসময় দিঘীর শহর হিসেবেই পরিচিত ছিল। এখন আর সেই দিন নাই। পাল্টে গেছে চিত্র। সিলেট এখন ইটপাথর আর দালানকোঠার নগরী। ঐতিহ্যবাহী কাজীদিঘী, লালাদিঘী, ধোপাদিঘীসহ আরো কয়েকটি দিঘী ছাড়া বাকিগুলো ভরাট করে নির্মাণ করা হয়েছে স্থাপনা।
বন্দরবাজারের লালদিঘীতে হয়েছে মার্কেট, চারাদিঘীতে হয়েছে মসজিদ ও বিদ্যালয়। ধোপাদিঘীর একাংশে নির্মিত হয়েছে মসজিদ। সাগরদিঘী, মাছুদিঘী, চৌকিদেখি সংলগ্ন মজুমদারীর এলাকার মজুমদার বাড়ির দিঘী, রামেরদিঘীরও নেই অস্তিত্ব। কালেরগর্ভে বিলীন হয়েছে দিঘীগুলো। ভরাট হয়ে যাচ্ছে নগরীর বিভিন্ন পাড়া মহল্লার পুকুরগুলোও। এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ, প্রকৃতি।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: