খেলার খবর : নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী মার্ক আন্ড্রে টের-স্টেগেন। দলের সেরা তারকার অনুপস্থিতিতে সতীর্থদের বাড়তি দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বার্সেলোনার গোলরক্ষক।
রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে লা লিগার ম্যাচটিতে মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল।
সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে ডান হাতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দারুণ ছন্দে থাকা মেসি। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে এরনেস্তো ভালভেরদের দল।
২০০৪ সালে বার্সেলোনার মূল দলে মেসির অভিষেকের পর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ছাড়া রিয়ালের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি কাতালান ক্লাবটি। তবে নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন টের-স্টেগেন।
“আমি মনে করি সম্ভাব্য সর্বোত্তম উপায়ে (মেসির) অভাব পূরণের চেষ্টা করার মতো ব্যক্তিগত দক্ষতা ও চারিত্রিক দৃঢ়তা আমাদের আছে।”
“মিথ্যা বলব না, এটা খুব ভালো পরিস্থিতি নয়। অবশ্যই, আমরা তাকে আমাদের সঙ্গে চাইতাম। কিন্তু মাঠে যে থাকে তার ওপর আমি শতভাগ বিশ্বাস রাখি।”
“আমাদের অনেক দক্ষতা আছে। সেজন্য ‘যদি লিও থাকতো…’ এ কথা না বলে নিজেদের দক্ষতায় মনোযোগ দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা (লিও থাকলে কি হতো) মাপা যাবে না কারণ সে খেলতে পারবে না।”
গুরুত্বপূর্ণ ম্যাচে সতীর্থরা নিজেদের মেলে ধরবেন বলে বিশ্বাস জার্মান এই গোলরক্ষকের।
“প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব আছে। লিও এখানে থাকুক আর নাই থাকুক, আমার কাছে গুরুত্বপূর্ণ যে সবাই নিজের সক্ষমতাটা জানে এবং প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী দলে অবদান রাখে।”
“আমি মনে করি আমাদের আক্রমণভাগে অনেক বেশি দক্ষতা আছে। আমাদের ম্যাচটির ওপর নিয়ন্ত্রণ নিতে হবে এবং ব্যক্তিগত দক্ষতা দিয়ে পার্থক্য তৈরি করতে হবে।”
লা লিগায় নয় ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সপ্তম স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ১৪।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:
0 comments: