বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

চালু হয়নি বিদ্যুৎ লাইন, সরঞ্জাম পাহারায় দুই বছর

মিরসরাইয়ের অলিনগরে বিদ্যুতের দাবিতে গ্রামবাসীর স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক : 
খুঁটি, তার, মিটার, ওয়েরিংসহ অনুসাঙ্গিক সকল সরঞ্জাম স্থাপনের পরও গত দুই বছরেও চালু হয়নি মিরসরাইয়ের দক্ষিণ অলিনগর গ্রামের ১৫০ পরিবারের বিদ্যুৎ সংযোগ। আজ ৪ আক্টোবর দুপুরে দ্রুত সংযোগটি চালুর দাবিতে মিরসরাই স্থানীয় সাংসদ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আরইবি চেয়ারম্যান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় করেরহাট ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত স্মারকলিপি জমা দিয়েছে ভুক্তভোগী গ্রামের বাসিন্দারা। এর আগে গত ২ অক্টোবর একই দাবিতে সংবাদ সম্মেলন করে স্থানীয়রা।
স্মারকলিপিতে ভুক্তভোগী গ্রামবাসীরা দাবি করেন, বাড়তি টাকা আদায়ের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-৩ ও করেরহাট বনবিভাগের কর্মকর্তাদের নানা টালবাহানার কারনে গত দুই বছরেও উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের বিদ্যুৎ সংযোগটি চালু করা হয়নি। গত ২০১৬ সালে সরকারি সকল নিয়ম মেনে দক্ষিন অলিনগর গ্রামের প্রায় ১৫০ টি’র অধিক পরিবার বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে। এসময় যাবতীয় সকল কাগজ-পত্র ও তথ্য প্রমানাধি সংযুক্ত করা হয় এবং প্রতিটি মিটারের ৪৫০ টাকা এবং খাস জমির ক্ষেত্রে সরকার নির্ধারিত আরো ৫০০ টাকা হারে বর্ধিত ফি জমা দেওয়া হয়।
এছাড়াও দ্রুত সংযোগ প্রদানের কথা বলে মিটার প্রতি আরো অতিরিক্ত নগদ ৭০০ টাকা হারে গ্রামবাসী থেকে আদায় করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরে বিদ্যুৎতায়নের লক্ষ্যে খুঁটি (ফিলার), ট্রান্সফর্মার স্থাপন, তার টানানো, মিটার স্থাপন কাজ সম্পন্ন করে। প্রতিটি ঘরে অনুমোদিত ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ওয়েরিং কাজও সম্পন্ন করে গ্রাহকরা। এরপর বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায় দু’একদিনের মধ্যে সংযোগ প্রদান করা হবে।
কিন্তু পরে মিরসরাই পল্লী বিদ্যুত অফিসের মিটার ইনপেক্টর সাত্তার সরেজমিন পরিদর্শনে এসে গ্রাহকদের কাছে বাড়তি টাকা দাবি করে লাইন চালু করতে টালবাহানা শুরু করেন। পরবর্তীতে পল্লী বিদ্যুত সমিতি-৩ এর জিএম (সীতাকুন্ড অফিস), তৎকালীন ডিজিএম (মিরসরাই অফিস) এমাজ উদ্দিন সরদার, ইঞ্জিনিয়ার রুপম বাবু সরেজমিন পরিদর্শনে এসে সংযোগ চালু করা যাবেনা বলে জানায়। কারন হিসেবে তারা জানায় বনবিভাগ এই জমি রিজার্ভ ফরেস্ট দাবি করে আর.ই.বি ঢাকা আফিসে একটি অভিযোগ করেছে। প্রকৃতপক্ষে আবেদনকৃত মিটারগুলো পূর্ব হিঙ্গুলী মৌজার বিএস- ৩১১৩ ও ৩৯৪৬ এর অভ্যন্তরে, যা রিজার্ভ ফরেষ্টের আওতার বাইরে। যা বর্তমান আবদি সরকারের খাস জমির (হিসেবে নিদিষ্ট আছে) আওতাভুক্ত। বস্তুত: বনভিবাগের রিজার্ভ ফরেস্ট এর নির্ধারিত এলাকা আমাদের এই দুই দাগ থেকে কয়েক কিলোমিটার দূরে অর্থ্যাৎ পাহাড়ের অভ্যন্তরে।
সে সময় বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে সংযোগ চালু করলে তাদের আপত্তি নেই বলে জানিয়েছিলো। তবে বর্তমানে উভয় কর্তৃপক্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ে পরিদর্শনে এসে ‘টাকা না দিলে সংযোগটি চালু করা সম্ভব হবেনা’ জানিয়ে এক পক্ষ অন্য পক্ষকে দুষছেন; এমটি দাবি ভুক্তভোগী গ্রামবাসীর।
প্রয়োজনীয় সব উপকরণ স্থাপনের পরও সংযোগ চালু না করায় স্থাপিত ট্রান্সফর্মার, তার, মিটার, খুঁটি প্রভৃতি চুরি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকায় বর্তমানে গ্রামবাসীকে পালা করে রাত জেগে এসব পাহারা দিতে হচ্ছে।
পরবর্তীতে, পল্লী বিদ্যুত-৩ এর ডিজিএম, এজিএম ইঞ্জিনিয়ার দুই দফায় সরেজমিন পরিদর্শন এবং অন্যান্য উদ্ধতন কর্মকর্তারা একাধিকবার সরেজমিন পরিদর্শনে এলেও বর্তমান আবদি আমাদের সংযোগটি চালু করা হয়নি।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, উল্লেখিত দুই কর্তৃপক্ষকেই বাদ দিয়ে স্থানীয় ভূমি অফিস বা তৎ সংশ্লিষ্ট তৃতীয় কোন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা সম্ভব হলে দ্রুততার সাথে এর সত্যতা বেরিয়ে আসবে।
গ্রামবাসিদের এসব অভিযোগের বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের সদ্য যোগ দেয়া ডিজিএম গোলাম মোস্তফার সাথে কথা বলতে একাধিকবার ফোনে চেষ্টা করে হলেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল কবির জানান, ‘গ্রামবাসীদের স্মারকলিপিটি পেয়েছি। তবে ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমার আলোচনাও হয়েছে। দ্রুত সংযোগটি চালুর ব্যবস্থা করতে শীঘ্রই আমি সরেজমিন পরিদর্শনে যাবো।’
মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন কাকলী জানান, ‘সংযোগটি দীর্ঘ দুই বছর পরও কেন চালু করা সম্ভব হয়নি; বিষয়টি সকলের কাছেই প্রশ্নবোধক এবং সত্যিই দু:খজনক। আমি বিষয়টি নিয়ে উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধ ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করবো।’ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি (চপবিস)-৩ এর বোর্ড সভাপতি আলী আহসান বলেন, ‘গ্রামবাসীদের অভিযোগটি পেয়েছি। পল্লী বিদ্যুৎ সীতাকুন্ড অফিস এ বিষয়ে জরুরী মিটিংয়ের মাধ্যমে আমার সাথে আলোচনা করেছে। আশা করছি বিদ্যুৎ কর্তৃপক্ষ দ্রুত সংযোগটি চালু করবে।’
চপবিস-৩ এর ভারপ্রাপ্ত জিএম (সীতাকুন্ড অফিস) সাদেকুজ্জামান জানান, ‘সম্প্রতি আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নেওয়ার পর অলিনগরের লাইনটি বনভিবাগের আপত্তির কারনে চালু করা যাচ্ছেনা এমনটি জেনেছি। আমি দায়িত্ব গ্রহনের পর সংশ্লিষ্ট বন ও বিদ্যুৎ মন্ত্রনালয়ে যোগাযোগ হয়েছে। আশা করছি অতি দ্রুত লাইনটি চালু করা সম্ভব হবে।’
বাড়তি টাকা দাবির গ্রামবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগটির সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।’
এ বিষয়ে কথা বলতে চপবিস-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম (সদ্য দায়িত্ব নেয়া) গোলাম মোস্তফা মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আত্মীয়ের দূর্ঘটনার কারনে তিনি ছুটিতে ঢাকা যাচ্ছেন জানিয়ে, মিরসরাই জোনাল অফিসে যোগ দেওয়ার পর বিষয়টি তিনি অবহিত হয়েছেন বলে জানান।
মিরসরাইয়ের করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, ‘লিখিত স্মারকলিপিটি গ্রামবাসীরা আমাকেও দিয়েছেন। বন ও বিদ্যুৎ বিভাগের জটিলতা দ্রুত সমাধানের জন্য বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বিদ্যুৎ ও বন ভিবাগের বিরুদ্ধে গ্রামবাসীর করা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন


0 comments: