শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮

আহত যুবলীগ নেতা মুসাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

সিলেট ডেস্ক : 
ঝড়ের কবলে পড়ে সিলেট নগরীর কাজিরবাজার সেতুতে মারাত্মক আহত হওয়া দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসাদ্দেক হোসেন মুসাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ওয়েসিস হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। 

তাকে ঢাকার মহাখালিস্থ মেট্টোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক প্রণব কান্তি বড়–য়ার তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ।

যুবলীগ নেতা মুসার জ্ঞান ফিরেনি এবং এখনো তার অবস্থা আশঙ্কাজনক। তাকে মেট্টোপলিটন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবক লীগ নেতা রশিদ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজিরবাজার সেতুতে ঝড়ের কবলে পড়েন যুবলীগ নেতা মোসাদ্দেক আহমদ মুসা। তিনি মোটর সাইকেলযোগে সেতু পার হচ্ছিলেন। এসময় সেতুর উপরে থাকা একটি চটপটির ভ্যান উড়ে এসে তার মোটর সাইকেলে আঘাত করলে তিনি ছিটকে পড়ে যান। 

এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে নগরীর বেসরকারি হাসপাতাল ওয়েসিসে ভর্তি করা হয়। 

অবস্থার উন্নতি না হওয়ায় আজ তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

শেয়ার করুন


0 comments: