শুক্রবার, ২ মার্চ, ২০১৮

একটি চিত্রনাট্যও জমা পড়েনি

যৌথ প্রযোজনার নতুন নীতিমালা

আগের নীতিমালায় নির্মিত স্বপ্নজাল ছবিটিকে সর্বশেষ অনুমোদন দেয় যৌথ প্রযোজনার নতুন প্রিভিউ কমিটি। এই ছবির দৃশ্যে ইয়াশ রোহান ও পরীমনি।
বিনোদন ডেস্ক : 
যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নতুন নীতিমালা প্রকাশ পেয়েছে গত বছরের ১২ ডিসেম্বর। এর মাসখানেক পর জানুয়ারির শেষ দিকে নতুন নীতিমালার নতুন প্রিভিউ কমিটি গঠিত হয়। এই কমিটি কার্যকর হওয়ার পর নতুন নীতিমালা মেনে প্রিভিউয়ের জন্য এখনো পর্যন্ত কোনো নতুন চিত্রনাট্য জমা পড়েনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিভিউ কমিটির সভাপতি ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। তবে নতুন প্রিভিউ কমিটি কার্যকর হওয়ার পর আগের নীতিমালায় নির্মাণ করা ‘নূর জাহান’ ও ‘স্বপ্নজাল’ ছবি দুটি প্রাথমিক অনুমোদন পায়।
নতুন নীতিমালা মেনে চিত্রনাট্য জমা না পড়ায় আমির হোসেন বলেন, ‘আশা করছি আস্তেধীরে জমা পড়বে।’ তবে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন নীতিমালায় কঠিন সব শর্তের কারণে এ পদ্ধতিতে ছবি নির্মাণে আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার প্রযোজকেরা।
গত কয়েক বছরে ‘শিকারি’, ‘নবাব’, ‘বাদশা’, ‘বস ২’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’সহ একাধিক ছবি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। নতুন নীতিমালার বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, ‘নতুন যে নীতিমালা করা হয়েছে, তাতে সহজেই কোনো প্রযোজক যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করতে আসবেন না। আমি নিজেও এই নীতিমালায় ছবি নির্মাণ করতে পারব না। যদি কখনো নীতিমালা শিথিল করা হয়, তাহলে আবার যৌথ প্রযোজনার ছবি বানাতে পারি।’
এদিকে নতুন নীতিমালার প্রিভিউ কমিটির সদস্য, প্রদর্শক সমিতির সভাপতি ও প্রযোজক ইফতেখার উদ্দিন নওশাদ যৌথ প্রযোজনার নতুন নীতিমালা নিয়ে বলেছেন, ‘নতুন নীতিমালার কারণে আমাদের চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। কারণ এই নীতিমালা মেনে চলা এতটাই কঠিন যে কলকাতা ও বাংলাদেশের কোনো প্রযোজকই ছবি নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন না।’ তিনিও জানান, এই নীতিমালা সংশোধন করে শিথিল করা না হলে নতুন বড় বাজেটের কোনো ছবি আসার সম্ভাবনা কম। ছবির অভাবে হল বন্ধ হয়ে যাবে।
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় প্রায় ১২টি ছবি নির্মাণ করেছে কলকাতার এস কে মুভিজ। বর্তমান নীতিমালার কারণে আপাতত যৌথ প্রযোজনায় বাংলাদেশের সঙ্গে আর কাজ করছে না এই প্রতিষ্ঠান। এর ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা মনে করেন, এই নীতিমালা মেনে বাস্তবে সিনেমা তৈরি করা কঠিন। তিনি বলেন, সিনেমা তৈরির পথ যত সহজ হবে, ততই ভালো কাজ হবে। নতুন নীতিমালায় ছবির শুটিংয়ের আগে দাপ্তরিক কাজ শেষ করতেই দীর্ঘ সময় লেগে যাবে। শুটিং তো পরের কথা।
যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণের নতুন নীতিমালা প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম স্বীকার করেন, আগের চেয়ে বর্তমান নীতিমালা কিছুটা কঠিন। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মানুষজনই তো আগের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালার জন্য আন্দোলন করলেন। তাঁরা যেভাবে চেয়েছেন সেভাবেই নীতিমালা করা হয়েছে। এখন যদি আবার চলচ্চিত্রের মানুষেরাই নতুন নীতিমালা শিথিলের দাবি করেন, তাহলে আমরা মন্ত্রণালয়ে আবার বিষয়টি নিয়ে বসতে পারি।’

শেয়ার করুন


0 comments: