সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮

তাহলে কে হচ্ছেন সিলেট-১ আসনে আ.লীগের প্রার্থী?


সিলেট ডেস্ক : 
সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সিলেট-১ আসন। দেশের রাজনৈতিক দলগুলোর কাছে এ আসনের ‘মর্যাদা’ অন্য সব আসনের চেয়ে খানিকটা বেশিই। হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.)-সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত এই আসন থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামে রাজনৈতিক দলগুলো। ঐতিহাসিক মিথ হচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন, সে দলেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে। এ জন্য এ আসনে সবচেয়ে ‘যোগ্য ও জনপ্রিয়’ ব্যক্তিকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ, বিএনপি প্রভৃতি রাজনৈতিক দলগুলো।

চলতি বছরের শেষের দিকে দেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছুদিন ধরেই শোরগোল চলছে। সিলেট-১ আসনে কোন দল থেকে কে প্রার্থী হবেন, এ নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

সিলেট-১ আসনের বর্তমান সাংসদ আবুল মাল আব্দুল মুহিত; যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বিগত সময়ে একাধিকবার অর্থমন্ত্রী বলেছিলেন, দল চাইলে তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সর্বশেষ, শনিবার (১৭ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরে অবসরে যাচ্ছেন। ঢাকায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তাঁর মন্তব্য অনুযায়ী, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এরপর অবসরে যাবেন।

অর্থমন্ত্রীর এই ‘অবসর ঘোষণা’র পর সিলেট-১ আসন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। অর্থমন্ত্রী নির্বাচন না করলে মর্যাদাপূর্ণ এ আসনে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী, তা নিয়ে চলছে নানা কানাঘুষা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে মোমেন, আ’লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।

কিছুদিন আগে ড. মোমেনকে আগামী নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন অর্থমন্ত্রী। ড. মোমেন নিজেও নির্বাচন করার লক্ষ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে অবস্থান দৃঢ় করার প্রচেষ্টায় আছেন। তবে এ আসনে দলীয় মনোনয়ন পেতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন মিসবাহ উদ্দিন সিরাজ। সাম্প্রতিক সময়ে একাধিকবার সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন চাওয়ার কথা বলেছেন মিসবাহ সিরাজ। আপাতত এ দু’জনকে ঘিরেই সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থীতার বিষয়টি আবর্তিত হচ্ছে।

তবে সংশ্লিষ্ট সূত্র এও বলছে, আগামী নির্বাচনে সিলেট-১ আসনে ‘চমক’ হিসেবে ড. ফরাসউদ্দিন কিংবা ছহুল হোসাইনের মধ্যে যে কাউকে প্রার্থী ঘোষণা করতে পারে আওয়ামী লীগ।

সিলেট-১ আসনে নির্বাচন করতে চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটভিউকে বলেন, ‘আগামী নির্বাচনে আমি দলের কাছে এ আসনে মনোনয়ন চাইবো। নির্বাচন করার জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। দল ও নেত্রী আমাকে মূল্যায়ন করবেন, এমনটাই আমি বিশ্বাস করি।’

তিনি আরো বলেন, ‘আমার পাশে থাকার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে আহবান জানাবো আমি।’

এ প্রসঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে মোমেন সিলেটভিউকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ থেকে আমাকে দেশে এনেছেন নির্বাচন করানোর জন্য। আমি তাঁকে বলেছিলাম যে, আমি রাজনীতিবিদ নই। তখন তিনি বলেছিলেন, তোমাকে রাজনীতিবিদ হতে হবে না, তুমি আমার সাথে থাকো এবং অর্থমন্ত্রীর সাথে একসাথে কাজ করো।’

ড. মোমেন আরো বলেন, ‘একসময় সিলেটের সবার সাথে আমার পরিচয়, সম্পর্ক ছিল। পরে সরকারি চাকুরিতে বিদেশ চলে যাওয়ায় একটা শুন্যস্থানের সৃষ্টি হয়েছিল। কিন্তু গত কিছুদিন ধরে আমি আবার সিলেটে ফিরে এসে এখানকার মানুষের সাথে ওঠাবসা করছি। আমি আনন্দিত যে, মানুষের অভাবনীয় সাড়া পাচ্ছি।’

অর্থমন্ত্রীর ছোট ভাই মোমেন আরো উল্লেখ করেন, ‘এই বুড়ো বয়সে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়ার কিছু নাই। যদি সুযোগ হয়, তবে মানুষের জন্য কিছু করে যেতে চাই।’

শেয়ার করুন


0 comments: