বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮

আজকের দিন এক ঝলক (০৩ জানুয়ারি ২০১৮)

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিষয়ক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কর্মীদের পরিবেশনা। সিআরবি শিরীষতলা, চট্টগ্রাম, ৩ জানুয়ারি। 
ছবি ঘর : 

ফুলে ফুলে ঘুরে মধু খাচ্ছে কমন টাইগার প্রজাপতি। শিবগঞ্জ, সিলেট, ৩ জানুয়ারি। 

বাঁশের কঞ্চি দিয়ে তৈরি বিভিন্ন আকারের ঝুড়ি সাজিয়ে বিক্রির জন্য বসেছেন এক ব্যক্তি। আকারভেদে একেকটি ঝুড়ির দাম ১০০ থেকে ১২০ টাকা। শালুটিকর বাজার, গোয়াইনঘাট, সিলেট, ২ জানুয়ারি।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার অনেকেই বাঁশের তৈরির কারুপণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করেন। বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরিতে ব্যস্ত ৬২ বছর বয়সী সুধারানী। বেতগাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২ জানুয়ারি। 

পৌষের কুয়াশা ঢাকা ভোরে জবুথবু এক ঝাঁক কাক। সাহিলীপাড়া, সদর উপজেলা, মানিকগঞ্জ, ২ জানুয়ারি।

ভারতের হনুমান্তে নদীর পাড়ে বড়দের সঙ্গে প্রার্থনা করতে এসেছে শিশুটিও। ‘স্বাস্থানী ব্রত কথা’ উৎসব উপলক্ষে এই আয়োজন। ভক্তপুর, নেপাল, ২ জানুয়ারি। 

আরটি-৭০ রেডিও টেলিস্কোপের পাশে দেখা যাচ্ছে সুপার মুন। মলোচনয়ি, ক্রিমিয়া, ২ জানুয়ারি।

তামার তৈরি সুন্দর সব জিনিসে সাজানো দোকান। ক্রেতার অপেক্ষায় এক দোকানি। বাগদাদ, ইরাক, ২ জানুয়ারি। 

বিজিবির শ্রীমঙ্গল কার্যালয়ের ভেতরে জরুরি অবতরণ করা হেলিকপ্টার। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিজিবির শ্রীমঙ্গল কার্যালয়, মৌলভীবাজার, ৩ জানুয়ারি। 

ভোলার ভেদুরিয়ার ডুবো চরে আটকে আছে যাত্রীবাহী একটি লঞ্চ। ভোলা-ঢাকা নৌপথে চলাচলের সময় প্রায়ই এমন ঘটনা ঘটে। ভেদুরিয়া, ভোলা, ৩ জানুয়ারি। 

শুরু হলো চ্যানেল আই নিবেদিত লাক্স সুপারস্টার ২০১৮ এর কার্যক্রম। তারকাদের উপস্থিতিতে বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। গুলশান, ঢাকা, ৩ জানুয়ারি। 

২৯তম পাম স্প্রিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার প্রদান অনুষ্ঠানে ফটোসাংবাদিকদের জন্য পোজ দিচ্ছেন অভিনেত্রী সালমা হায়েক। ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র, ২ জানুয়ারি। 

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাসের চালক ইউ টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি ফুটপাতে উঠে যায়। এতে তিনজন আহত হন। মোহাম্মদপুর, ঢাকা, ৩ জানুয়ারি।

মাথায় করে পানি ভর্তি একাধিক পাত্র নিয়ে বাড়ি ফিরছেন এক চা-শ্রমিক। চা-বাগানে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। তাই দূরদূরান্ত থেকে সংগ্রহ করতে হয় পানি। দলদলি চা-বাগান, সিলেট, ৩ জানুয়ারি।

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড় এলাকায় চলছে ওয়াসার পাইপ স্থাপনের কাজ। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। তার ওপর বৃষ্টির কারণে সৃষ্ট কাদা ‘গোদের ওপর বিষফোড়া’ হিসেবে দেখা দিয়েছে। মুরাদপুর মোড়, চট্টগ্রাম, ৩ জানুয়ারি। 

বুধবার বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় হাইকোর্টের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষা চত্বর, ঢাকা, ৩ জানুয়ারি। 

শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। এ কারণে গরম পোশাকের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফরিদপুর শহরের ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। চকবাজার থানা রোড, ফরিদপুর, ৩ জানুয়ারি। 

বিশ্বশান্তি ও প্রাণীর হিতসুখ মঙ্গলার্থে রাঙামাটি শহরে ত্রিপিটক প্রদক্ষিণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ত্রিপিটক পূজা হিসেবে পরিচিত। রাঙামাটির রাজবন বিহারের উদ্যোগে এ আয়োজন করা হয়। রাঙ্গাপানি, রাঙামাটি, ৩ জানুয়ারি। 

‘নিরাপত্তাই প্রথম’—এ কথাটি সবখানে লেখা থাকলেও শ্রমিকদের ক্ষেত্রে এই নিরাপত্তাই অবহেলিত। কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই উঁচু দালানে রং করার কাজ করছেন দুই শ্রমিক। মিরসরাই থানা এলাকা, চট্টগ্রাম, ২ জানুয়ারি। 

মাঠ থেকে তাজা ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন গ্রামের নারীরা। গবাদিপশুর জন্য তাঁরা এই ঘাস সংগ্রহ করে থাকেন। টেপুরা কান্দি, ফরিদপুর সদর, ৩ জানুয়ারি। 

ঘুষ নেওয়ার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. নাজমুল কবিরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় মো. নাজমুল কবিরের কক্ষ থেকে উদ্ধার করা হয় ঘুষের দুই লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়, যশোর, ৩ জানুয়ারি।

চট্টগ্রামের ধনিয়ালাপাড়া এলাকায় উড়ালসড়ক থেকে নামার সময় একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনায় অটোরিকশাচালক এবং একজন পথচারী আহত হন। ডবলমুরিং থানা, চট্টগ্রাম, ৩ জানুয়ারি। 

শেয়ার করুন


0 comments: