কৃষিমন্ত্রীর প্রশ্ন
নিউজ ডেস্ক :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘আজকাল একটা শব্দ খুব শুনতে পাই; ইনক্লুসিভ ইলেকশন। হোয়াট ইজ ইনক্লুসিভনেস? ধ্বংসের শক্তিকে তোয়াজ করার নাম ইনক্লুসিভনেস? জীবন আর মৃত্যুকে আলিঙ্গন করার নাম ইনক্লুসিভনেস?’
মতিয়া চৌধুরী প্রশ্ন করেন, ‘আমরা অনবরত জানাজা পড়ার গণতন্ত্র চাই? এ প্রশ্ন করতে চাই।’
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আজ রোববার সংসদে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
কৃষিমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া স্বাভাবিক ও সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বার বার দেশে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে সে সুবিধা নিতে চান। এবার দেশের জনগণ বেগম জিয়ার এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আরো বলেন, ‘হাওরে বন্যার পর দেশব্যাপী প্রলয়ংকরী বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সৃষ্ট দুর্যোগ সামাল দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে বিতাড়িত ১০ লক্ষাধিক লোককে নিজস্ব অর্থায়নে এখন লালনপালন করছে সরকার। এদের জন্য বিদেশি সাহায্য অত্যন্ত অপ্রতুল। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে মমত্ববোধ থেকে তাদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবেশী দেশের সৃষ্ট দুর্যোগ সৃষ্টির পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিরামহীনভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছে। ২০১৬-১৭ অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ জিডিপির হার ৬-এর ঘর থেকে ৭ দশমিক ২ শতাংশে উন্নীত হয়েছে। অপবাদ দিয়ে বিশ্বব্যাংক সরে গেলেও স্বপ্নের পদ্মা সেতু প্রমত্তা পদ্মার বুকে বিশাল জলরাশির মধ্যেও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে।’
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: