আন্তর্জাতিক ডেস্ক :
সৌদি আরবের আল বাহা প্রদেশে শনিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৯ বিদেশি প্রাণ হারিয়েছেন। বাকিরা মিশর ও ভারতের নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
হতাহতরা স্থানীয় এক ক্যাটারিং কোম্পানিতে কাজ করেন। এই কোম্পানিটি বালজুরাশি হাসপাতালে রোগিদের খাবার সরবরাহ করে থাকে।
স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট জানায়, শনিবার ছুটির দিনে কুনফুদা এলাকায় বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ওই বিদেশি শ্রমিকরা। এতে মোট নয়জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে তিন বাংলাদেশি, চার মিশরীয় ও দুইজন ভারতীয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জরুরি বিভাগের কর্মীরা। আহতদের বালজুরাশির প্রিন্স মিশারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর আহত এক বাংলাদেশি এবং এক ভারতীয়কে কিং ফাহাদ হাসপাতালে সরিয়ে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ভারতীয়।
এদিকে দুর্ঘটনায় নিহত আটজনের পরিচয় প্রকাশ করেছে সৌদি গেজেট। এরা হলেন বাংলাদেশের মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম বশীর, মিশরের মোহাম্মদ সৈয়দ আল-আতিফ, মজিদ আল-সায়িদ, হানি আল আহমেদ ও আলী উইন আলাবদেন এবং ভারতের শাহ আলম। নিহত আরেক ভারতীয় নাগরিকের নাম জানা যায়নি।
এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আল বাহা প্রদেশের প্রিন্স হোসাম বিন সৌদ আবদুল আজীজ। একই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:






0 comments: