হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের আবদুর রাজ্জাক (৭০) নামের এক কৃষককে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভিন আজ বুধবার দুপুরে এ রায় দেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন রমিজ আলী, নাছিম উল্লাহ, তরিক উল্লাহ, ইউসুফ উল্লাহ, বাচ্চু মিয়া, আবদুল মতলিব, আবদুল মান্নান, আবদুর রহমান, আবদুস সালাম এবং আবদুল হান্নান। এঁদের মধ্যে শেষের তিনজন পলাতক রয়েছেন। অন্য আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০১ সালের ২৮ অক্টোবর বিকেলে দিকে রমিজ আলী ও তাঁর ছেলে মো. হারুণ মিয়া নামাজ পড়ার উদ্দেশ্যে গ্রামের মসজিদে রওনা হন। তাঁরা গ্রামের দক্ষিণ দিকে পৌঁছামাত্র আসামিরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে আবদুর রাজ্জাকের ওপর হামলা চালান। এতে আবদুর রাজ্জাক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. হারুণ মিয়া ২০০১ সালের ২৯ অক্টোবর ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা করেন।
বানিয়াচং থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) অরুণ চন্দ্র চন্দ এক বছর তদন্তের পর ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ১৩ জনের মধ্যে মামলা চলমান অবস্থায় আসামি অসিম উল্লাহ, শারাফত উল্লাহ ও আবদুস সোবহানের মৃত্যু হয়। পরে মামলা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়।
বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন সাতজন আসামির উপস্থিতিতে ১০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী মো. হারুণ মিয়া বলেন, এ রায় পেতে তাঁদের প্রায় ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এখন দণ্ড কার্যকর হলেই তাঁরা খুশি।
আসামিপক্ষের আইনজীবী হাবিবুর রহমান জানান, এ রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।
লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি:
0 comments: