শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

সোমবার, ২৬ মার্চ, ২০১৮

মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি মাত্র ৪০

মুক্তিযুদ্ধ নিয়ে পিএইচডি মাত্র ৪০

মুক্তিযুদ্ধ আর্কাইভ থেকে নেওয়া ছবি।
নিউজ ডেস্ক : 
’৭১-এ মরিয়া পাকিস্তান দ্বারস্থ বিজ্ঞাপনের

’৭১-এ মরিয়া পাকিস্তান দ্বারস্থ বিজ্ঞাপনের

১৯৭১ সালে ডিসেম্বরে ডন পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে ও অর্থ দানের আহ্বান জানিয়ে এমন বিজ্ঞাপন প্রচার করা হয়। ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক : 
মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সিলেট বাংলা ডেস্ক : 

রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

 বঙ্গবন্ধুর সাথে আমার স্মৃতি

বঙ্গবন্ধুর সাথে আমার স্মৃতি

ড. জয়া সেনগুপ্তা এমপি
ড. জয়া সেনগুপ্তা এমপি
বঙ্গবন্ধুর সাথে স্মৃতি আমার খুব সামান্যই। তারিখটা ঠিক মনে করতে পারছি না। গণজাগরণের জোয়ারে তখন সারা পূর্ব পাকিস্তান ভাসছে। এই জাগরণের অধিনায়ক সারা পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুরর রহমান- (তিনি তখনও বঙ্গবন্ধু আখ্যায় ভূষিত হননি।)
ফরিদপুরের একটি থানা শহর ভাঙা (বর্তমানে উপজেলা)। বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ সেদিন ছুটে এসেছে ভাঙায়। দলমত নির্বিশেষে যাঁর ডাকে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ একতাবদ্ধ হয়েছে সেই অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান আসছেন। আমার বাবা ওকালতি পেশায় তাঁর সব ব্যস্ততা ভুলে বাড়ির গেইট খুলে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন একনজর সেই নেতাকে দেখবার জন্য। আমি রাস্তার পাশের বৈঠকখানার জানালার সামনে গিয়ে দাঁড়িয়েছি। সুঠাম দেহী সুদীর্ঘ অত্যন্ত সুপুরুষ নেতা আসলেন- পরনে শ্বেতশুভ্র পায়জামা ও পাঞ্জাবী। তিনি এসে স্মিত মুখে বাবার দিকে হাত বাড়িয়ে দিলেন- হাত মিলালেন। পরক্ষণে তাঁর দৃষ্টি পড়ল অবগুন্ঠনবতী আমার মায়ের দিকে। হাত তুলে সালাম জানালেন আমার মাকে। মুগ্ধ আমার দুটি চোখ- অভিভূত আমি। কোনদিন কোন বড় জাতীয় নেতাকে এত কাছে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তাঁর এই অমায়িক ব্যবহার একই সাথে বাবা-মা এবং আমাকে অভিভূত ও নির্বাক করে দিল।
এর পরের ঘটনা বাংলাদেশ স্বাধীন হবার অব্যবহিত পরের। আমার স্বামী তখন সংসদ সদস্য। হঠাৎ করেই একদিন তিনি দুপুরে সংসদ থেকে ফিরে আসলেন। অল্প কিছু পরেই একটি টেলিফোন এল। রিসিভারটি তুলতেই কোনরকম সম্বোধন ছাড়া একটি বজ্্রগম্ভীর কন্ঠ উচ্চারিত হল “ওরে পাঠাইয়া দাও”। ঘটনার আকস্মিকতায় এবং অসাধারণ গম্ভীর সেই কন্ঠস্বরের প্রভাবে আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে রিসিভার হাতে নিয়েই দাঁড়িয়েছিলাম। বলাবাহুল্য সেই বজ্্রকন্ঠের আদেশের কোন উত্তরও আমি দিতে পারিনি। আমার স্বামী আমার কিংকর্তব্যবিমূঢ় অবস্থা দেখে টেলিফোনটি সম্পর্কে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। তারপর সব শুনে তাঁর সেই স্বভাবসিদ্ধ উচ্চ কন্ঠের হাসি হেসে দ্রুত বেরিয়ে গেলেন। যেতে যেতেই আমাকে বললেন, সংসদে আমাকে কথা বলার সুযোগ দেননি। আমি ডধষশ ড়ঁঃ করেছি। বঙ্গবন্ধু আমাকে হাউজে ফিরে যেতে বলেছেন। পরে শুনেছিলাম বঙ্গবন্ধু তাকে পরম ¯েœহে কাছে ডেকে নিয়েছিলেন এবং বলেছিলেন ‘ তোর যখনই ইচ্ছা, তুই কথা বলবি। তুই-ই আমার বিরোধী দল।’
এরপর বেশ কিছুদিন চলে গেছে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার মেয়ের বিয়েতে গিয়েছিলাম। হঠাৎ আমার স্বামী আমার কাছে এসে বললেন ‘বঙ্গবন্ধু এসেছেন- দেখা করবে এস।’ পায়ে হাত দিয়ে প্রণাম করতেই অত্যন্ত ¯েœহ ভরা উচ্চারণে বললেন ‘ভাল আছ?’ এর আগে বহুবার রেডিওতে তাঁর বজ্্রকন্ঠের ঘোষণা শুনেছি “এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তাছাড়া আমি নিজেই একদিন টেলিফোনে তাঁর কন্ঠস্বর শুনে ভেবেছিলাম ‘এমনও গম্ভীর কন্ঠস্বর হয়!’ সেই কন্ঠস্বরই ¯েœহের উচ্চারণে এত কোমল-এমন ¯িœগ্ধ শোনাতে পারে-এওকি সম্ভব! সেদিন বাড়ি ফিরতে ফিরতে যে কথাটি শ্রদ্ধাভরে বারবার মনে মনে উচ্চারণ করেছিলাম, আজ বহু যুগ পরেও সেই কথাটিই আবার পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি- পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি রবীন্দ্রনাথের লেখা শেষ সঙ্গীতটির সেই বিখ্যাত চরণটি-
“ ব্যক্ত হোক, তোমা মাঝে
অসীমের চির বিস্ময়।”
আরো সংবাদ
এক মিনিটে এক লক্ষ গাছ লাগিয়ে ১৫ আগস্ট পালন...।

এক মিনিটে এক লক্ষ গাছ লাগিয়ে ১৫ আগস্ট পালন...।

এক মিনিটে এক লক্ষ গাছ লাগানোর কর্মসূচি চলছে
সিলেট বাংলা ডেস্ক:: এক মিনিটে এক লক্ষ গাছ লাগিয়ে অভিনব উপায়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।
বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কুদ্দুস বিবিসি বাংলাকে জানান, সোমবার দুপুর ১২টা এক মিনিটে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সরকারি অফিস ও বিভিন্ন রাস্তার পার্শ্ববর্তী এলাকাসহ মোট ৫৬০টি 'স্পটে' এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
মি. কুদ্দুস বলছিলেন, এলাকার মানুষের মনে গাছ লাগানোর পক্ষে উদ্দীপনা সৃষ্টির জন্যই একটি নির্দিষ্ট সময়ে এক লাখ চারা রোপণের এই কর্মসূচির পরিকল্পনা করেছিলেন তারা।
তার কথায়, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করাই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।
"একটি করে গাছ লাগাবেন, আর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করবেন, এ কথাই সবাইকে বলেছিলাম" বলেন মি. কুদ্দুস।
বোরহানউদ্দিনের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল কুদ্দুস গাছের চারা রোপণ করছেন

এক লক্ষ গাছের চারা যোগাড় করার জন্য বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই পরিকল্পনা করেছিলেন মি. কুদ্দুস ও তার সহকর্মীরা। তিন মাস ধরে এ জন্য কাজ করেন স্থানীয় স্কুল-কলেজগুলোর শিক্ষক ও ছাত্ররা।
বন বিভাগের কাছ থেকে ৪০,০০০ চারা সংগ্রহ করেন তারা, আর বাকি চারাগুলো আসে স্বরূপকাঠিসহ কাছাকাছি বিভিন্ন এলাকার ২৫টি নার্সারি থেকে।
গাছ রোপণের কর্মসূচিতে স্কুলের ছাত্রীরা 
"এর মধ্যে আছে ২১ প্রজাতির বনজ, ফলজ ও ওষধি গাছ - যার মধ্যে আছে নিম, মেহগনি, একাশিয়া, আমলকি, অর্জুন ইত্যাদি গাছ। নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রে যাবার একটি পথের পাশে লাগানো হয়েছে ১৩০০-টিরও বেশি ফুলের গাছ, যার মধ্যে আছে পলাশ, কৃষ্ণচূড়া, ও জারুল" - বলছিলেন মি. কুদ্দুস।
রাস্তাটির একটি নতুন নামও দেয়া হয়েছে - কুসুম কানন। দু'বছরের মধ্যে এ রাস্তার গাছগুলোতে ফুল ধরবে, বলছিলেন মি. কুদ্দুস।
এই চারাগাছগুলোর তদারকি করার জন্য চৌকিদার সহ বিভিন্ন পেশার লোকদের দায়িত্ব দেয়া হয়েছে।

বিষয়: ১৫ আগস্ট
শোকদিবসে জাতীয় পতাকা উঠেনি সিলেট জেলা পরিষদে

শোকদিবসে জাতীয় পতাকা উঠেনি সিলেট জেলা পরিষদে

সিলেট বাংলা ডেস্ক :: জাতীয় শোক দিবসে দেশের সরকারী প্রতিষ্ঠানগুলোতে জাতীয় অর্ধনমিত থাকার নিয়ম বা বিধান রয়েছে। কিন্তু এবার বাঙালি জাতির জনক ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উঠানোই হয়নি; অর্ধনমিত রাখা তো দূরের কথা।

এর আগেও জেলা পরিষদ কর্তৃপক্ষের এমন খামখেয়ালিপনা পরিলক্ষিত হয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বরও সূর্যাস্তের পরও জাতীয় পতাকা নামাতে ভুলে যায় কর্তৃপক্ষ। সরকারী ভবন ও সরকার কর্তৃক নির্ধারিত অফিস আদালতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেটির ব্যতয় ঘটেছিল সেদিন।

এবার দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে এসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। মঙ্গলবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকার স্ট্যান্ডটি পতাকাশূণ্যই ছিলো।

এ ব্যাপারে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের মোবাইল ফোনে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আহাদের মোবাইল ফোনেও একাধিক কল দিলে সেটি রিসিভ হয়নি।
শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন

শেখ মুজিব হত্যার পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন

সিলেট বাংলা ডেস্ক :: অন্যান্য দিনের মতোই রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৪ই অগাস্ট রাত ৮টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ফেরেন।খাওয়া-দাওয়া শেষে রাত ১২টার মধ্যেই সে বাড়ির সবাই ঘুমিয়ে যায়। তখন সে বাড়ির নীচ তলায় একটি কক্ষে কর্মরত ছিলেন শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত সহকারী এ এফ এম মুহিতুল ইসলাম। রাত তিনটা নাগাদ ঘুমাতে যান মি. ইসলাম।
এর কিছুক্ষণ পরেই সে বাড়িতে টেলিফোনের দায়িত্বে থাকা ব্যক্তি মি. ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। কারণ রাষ্ট্রপতি তার সাথে কথা বলতে চেয়েছেন। মুহিতুল ইসলাম ২০১৬ সালে মারা যান। ১৯৯৬ সালে মি. ইসলাম শেখ মুজিব হত্যা মামলার বাদী হয়েছিলেন।
এর আগে ২০১০ সালে এক সাক্ষাতকারে মি. ইসলাম বলেন, " বঙ্গবন্ধু আমাকে বললেন, সেরনিয়াবাত সাহেবের বাসায় আক্রমণ করছে। ঐ অবস্থায় আমি পুলিশকে টেলিফোনের চেষ্টা করছিলাম। তারপরে বঙ্গবন্ধু উপর থেকে নিচে নেমে এলেন। গেঞ্জি গায়ে লুঙ্গি পরা। তখন উনি আমাকে বললেন যে আমার কাছে দে।
"আমার কাছ থেকে তিনি রিসিভারটা নিলেন। নিয়ে বললেন যে, হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। উনি একথা বলার সাথে সাথেই বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। উনি গাড়ি বারান্দায় এসে দাঁড়িয়ে বললেন যে পুলিশ সেন্ট্রি,আর্মি সেন্ট্রি - এতো গুলি চলছে তোমরা কী করো? আমিও ওনার পিছু এসে দাঁড়ালাম। উনি একথা বলেই উপরে উঠে চলে গেলেন।"
এ গোলাগুলির সময় রাষ্ট্রপতিসহ তাঁর বাড়ির কেউ ঘটনা সম্পর্কে আঁচ করতে পারেন নি। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে যখন বাড়ির নিচ তলায় গুলি করে হত্যা করা হয় তখন ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছিল, বলছিলেন মুহিতুল ইসলাম। ধানমন্ডির সে বাড়িতে সশস্ত্র হত্যাকারীরা প্রথমে হত্যা করে শেখ কামালকে। গোলাগুলির আওয়াজ শোনার পর ঘটনা সম্পর্কে জানতে বাড়ির নিচ তলায় নেমে আসেন শেখ কামাল।
"পাঁচ-ছয়জন আর্মি, কেউ কালো পোশাকধারী কেউ খাকি পোশাকধারী - ওনার সামনে এসে বললো হ্যান্ডস আপ। কামাল ভাই বলছে, আমি প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তখনই সাথে-সাথে ব্রাশ ফায়ার।"
পরিবারসহ শেখ মুজিবুর রহমান গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মুখ তুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন শেখ কামাল। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে যখন আক্রমণ হয় তখন কোন ধরনের প্রতিরোধ ছাড়াই হত্যাকারীরা পুরো বাড়ির নিয়ন্ত্রণ নিয়েছিল।
মুহিতুল ইসলাম বলছিলেন, একজন রাষ্ট্রপতির বাড়িতে যে ধরণের নিরাপত্তা থাকা দরকার সেটি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ছিল না। তাছাড়া রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণের পরেও কোন তরফ থেকে কোন ধরনের সহায়তা আসেনি। শেখ কামালকে হত্যার পর হত্যাকারীরা বেপরোয়া গুলি চালিয়ে বাড়ির উপরের দিকে যাচ্ছিল। উপরে উঠেই শুরু হয় নির্বিচার হত্যাকাণ্ড। চারিদিকে তখন শুধু গুলির শব্দ।
" উপরে তো তাণ্ডবলীলা চলছে। চারিদিকে একটা বীভৎস অবস্থা। ঠিক সে মুহূর্তে উপর থেকে চিৎকার শুরু করলো যে পাইছি পাইছি। এরপরে বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনলাম। তিনি বললেন, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস? এরপরে ব্রাশ ফায়ার। বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা আর শুনতে পাইনি," সে রাতের ঘটনা এভাবে বর্ণনা করলেন মুহিতুল ইসলাম ।
মি. ইসলামের বর্ণনা অনুযায়ী ধানমন্ডির সে বাড়িটিতে সর্বশেষ হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে। তখন তার বয়স মাত্র দশ বছর। এ হত্যাকাণ্ডটি হয়েছিল মুহিতুল ইসলামের সামনে।
"রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। আমাকে বললো, ভাইয়া আমাকে মারবে না তো? ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারলো। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। ও (শেখ রাসেল) কান্নাকাটি করছিল যে 'আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব'। এক ঘাতক এসে ওকে বললো, 'চল তোর মায়ের কাছে দিয়ে আসি'। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এতো নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকেও হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার।"
রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্যকে হত্যার পর ঘাতকরা একে অপরকে বলছিল, "অল আর ফিনিশড (সবাই শেষ)"। সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। সে সময় ঢাকা সেনানিবাসে লেফট্যানেন্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী, যিনি পরে মেজর জেনারেল হয়েছিলেন। মি. চৌধুরী ২০১৩ সালে মারা যান।
২০১০ সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর পাঁচটার দিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন সেনা কর্মকর্তা মেজর রশিদের নেতৃত্বে একদল সেনা তার বাড়ি ঘিরে ফেলে।
আমিন আহমেদ চৌধুরী তখনো জানতেন না যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। মেজর রশিদের নেতৃত্বে সৈন্যরা আমিন আহমেদ চৌধুরী এবং তৎকালীন কর্নেল শাফায়াত জামিলকে নিয়ে যায় মেজর জেনারেল জিয়াউর রহমানের বাড়িতে। জেনারেল জিয়া তখন সেনাবাহিনীর উপ-প্রধান।
জেনালের জিয়াউর রহমানের বাড়িতে ঢোকার সময় রেডিওর মাধ্যমে আমিন আহমেদ চৌধুরী জানতে পারেন যে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। "জেনারেল জিয়া একদিকে শেভ করছেন একদিকে শেভ করে নাই। স্লিপিং স্যুটে দৌড়ে আসলেন। শাফায়াতকে জিজ্ঞেস করলেন, 'শাফায়াত কী হয়েছে?' শাফায়াত বললেন, 'এপারেন্টলি দুই ব্যাটালিয়ন স্টেজ এ ক্যু। বাইরে কী হয়েছে এখনো আমরা কিছু জানি না। রেডিওতে এনাউন্সমেন্ট শুনতেছি প্রেসিডেন্ট মারা গেছেন।' তখন জেনারেল জিয়া বললেন, সো হোয়াট? লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার। উই হ্যাভ নাথিং টু ডু ইউথ পলিটিক্স।"
সেনানিবাসের দুটি ব্যাটালিয়ন এ অভ্যুত্থানের সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী সেটার পক্ষে ছিল না বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী। ঢাকা সেনানিবাসে যখন এ অভ্যুত্থানের খবর ছড়িয়েছে তখন অনেক দেরি হয়ে গেছে। এ অভ্যুত্থান পরিকল্পনার খবর কেন আগে জানা সম্ভব হয়নি এবং কেন সেনাবাহিনীর অন্য কোন ইউনিট এগিয়ে আসেনি সেটি আজও এক বিরাট প্রশ্ন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট আক্রমণের সময় শেখ মুজিবুর রহমান তার সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিনকে ফোন করে তার বাড়িতে আক্রমণের কথা জানিয়েছিলেন।
কর্নেল জামিল তখন সাথে সাথে রওনা হয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির দিকে। কিন্তু সোবহানবাগ মসজিদের কাছে পৌঁছলে তার গাড়ি রোধ করে অভ্যুত্থানের সাথে জড়িত সৈন্যরা। সে বাধা উপেক্ষা করে কর্নেল জামিল সামনে এগিয়ে যেতে চাইলে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের নিয়ন্ত্রণে ছিল। সকাল ১০টার দিকে আমিন আহমেদ চৌধুরী গিয়েছিলেন সে বাড়িতে। ভোর সাড়ে চারটা নাগাদ হত্যাকাণ্ড হলেও তখন সেখানে মৃতদেহ দেখেছেন মি. চৌধুরী।
সামরিক পোশাক পর অবস্থায় মি. চৌধুরী সেখানে গেলেও তাকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না সৈন্যরা। মি. চৌধুরীর বর্ণনা ছিল এ রকম, " আর্টিলারি রেজিমেন্টের কিছু ট্রুপস ছিল সেখানে। মেজর হুদা ছিলেন। আমি যে যেহেতু হুদাকে চিনতাম, তাকে বলার পর সে আমাকে ঢুকতে দেয়। আমি দোতলার সিঁড়িতে উঠতেই বঙ্গবন্ধুর লাশটা দেখি। তার চশমা ও পাইপটাও পড়ে ছিল। দূর থেকে ভেতরে দেখলাম বেগম মুজিব পড়ে আছেন। যে লোকটার অঙ্গুলি হেলনে পঁচাত্তর মিলিয়ন লোক উঠছে বসছে, সে লোকটাকে তার সৃষ্ট আর্মি মেরে ফেললো। এটা কী করে সম্ভব? পাকিস্তানীদের কাছে মারা যায় নাই, মারা গেল শেষ পর্যন্ত বাঙালীর কাছে।"
সে অভ্যুত্থানের পর অনেকে তাকিয়ে ছিলেন তৎকালীন রক্ষীবাহিনীর প্রতিক্রিয়ার দিকে। সেনাবাহিনীর সাথে রক্ষীবাহিনীর কোন সংঘাত তৈরি হয় কী না সেটি নিয়েও অনেকে উদ্বিগ্ন ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সে ধরণের কিছু ঘটেনি।
রক্ষীবাহিনীর দিকে থেকে কোন প্রতিক্রিয়া না হওয়ায় অনেকে অবাক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে হত্যার পর উল্টো রক্ষীবাহিনী আতঙ্কিত হয়ে পড়েছিল বলে জানান আমিন আহমেদ চৌধুরী। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে আমিন আহমেদ চৌধুরী দুপুর নাগাদ পৌঁছেন সাভারে অবস্থিত
রক্ষীবাহিনীর সদরদপ্তরে। মি. চৌধুরীর দায়িত্ব ছিল রক্ষীবাহিনী যাতে আতঙ্কগ্রস্ত না হয় সে বার্তা তাদের কাছে পৌঁছে দেয়া। " আমি সেখানে গিয়ে বলি যে সেনাবাহিনীর কিছু লোক এটার (হত্যাকাণ্ড) সাথে জড়িত থাকলেও পুরো সেনাবাহিনী এর সাথে জড়িত নয়। সে হিসেবে সেনা প্রধানের বানী নিয়ে আমি এখানে আসছি," বলছিলেন মি. চৌধুরী।
হত্যাকাণ্ডের পর তৎকালীন আওয়ামীলীগের একজন সিনিয়র নেতা এবং মন্ত্রী পরিষদের সদস্য খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সামগ্রিকভাবে ১৫ আগস্ট সারাদিন সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ দেখা যায়নি। অভ্যুত্থানের খবর জানাজানি হবার পরে সেনা কর্মকর্তাদের মধ্যেই এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন আমিন আহমেদ চৌধুরী।
তিনি জানান, ঘটনার আকস্মিকতায় অনেকে হতবিহবল হয়ে পড়েছিলেন। কী করতে হবে তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। মি. চৌধুরীর বর্ণনায়, "যখন সকাল হয়ে গেছে তখন দেখা যাচ্ছে কোন পলিটিকাল ডিরেকশন আসতেছে না। বঙ্গবন্ধু মারা গেছে, এখন আমরা কী করবো? কার পেছনে দাঁড়াবো? তারা তো খন্দকার মোশতাককে বসিয়ে দিয়েছে। এখন আমরা এখন তাকে ডিজলস (ক্ষমতাচ্যুত) করবো? এর বিরুদ্ধে গেলে পুরোপুরি যুদ্ধ করতে হবে।
কারণ ওরা ট্যাংক বের করে অলরেডি বঙ্গভবনে বসে গেছে, ফার্মগেটের সামনে বসে গেছে, জাহাঙ্গীর গেটের ভেতরে অলরেডি মুভ করছে। পরিস্থিতি অ্যাসেস করতে হচ্ছে। আমরা কি পারবো? আমাকে তো জানতে হবে আমার কাছে কত সৈন্য আছে এবং কত অ্যামুনিশন আছে। এতে গিয়া গোলমাল হয়ে গেল। কনফিউশনটা খুব বেশি ছিল।"
খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন অভ্যুত্থানের সাথে জড়িত ঘাতক জুনিয়র সেনা কর্মকর্তারা। সে থেকে পরবর্তী প্রায় ১৫ বছর বাংলাদেশের ইতিহাস সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এবং সামরিক শাসনের ইতিহাস।

সূত্র: বিবিসি  বিষয়: ১৫ আগস্ট
 নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর খুনীদের ফেরাতে ‘আইনি জটিলতা’

নূর চৌধুরীসহ বঙ্গবন্ধুর খুনীদের ফেরাতে ‘আইনি জটিলতা’

সিলেট বাংলা ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনিকে দেশে ফেরানোর উদ্যোগ আলোর মুখ দেখেনি পাঁচ খুনির ফাঁসি কার্যকরের ছয় বছরেও। উচ্চ আদালতে দণ্ডিত ১২ জনের মধ্যে একজন এরই মধ্যে বিদেশে মারা গেছেন। বাকি ছয় জনের মধ্যে চার জনের অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত। আর সরকার নানামুখি চেষ্টা চালিয়ে গেলেও এদেরকে দেশে ফিরিয়ে আনতে পারবে-সেটা এখনও নিশ্চিত করা যায়নি।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত থাকলেও কিছু আইনি জটিলতার কারণে সেটি চূড়ান্ত করা যাচ্ছে না। আবার কারও অবস্থানই এখনো শনাক্ত করা যায়নি। এসব কারণে খুব সহসাই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না।

বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এই হত্যার বিচার শুরু করে। ওই সরকারের আমলে বিচার কাজ শেষ করা যায়নি। আর ২০০৯ সালে আবার ক্ষমতায় ফেরার এক বছরের মধ্যে ২০১০ সালের ২৭ জানুয়ারি বজলুল হুদা, মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়।

বাকি সাত জনের মধ্যে আজিজ পাশা মারা গেছেন বিদেশে। আর আবদুর রশিদ, মোসলেম উদ্দিন, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী, নুর চৌধুরী এবং আবদুল মাজেদের দণ্ড এখনও কার্যকর করা যায়নি।

পলাতক অবস্থায় ২০০১ সালের ২ জুন জিম্বাবুয়েতে মারা যান খুনি আজিজ পাশা। বাকি পলাতক ছয় খুনিকে ফিরিয়ে আনতে তখন গঠন করা হয় আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স। এই টাস্কফোর্সের সভাপতি আইনমন্ত্রী স্বয়ং। এই আপনারা কী করছেন, জানতে চাইলে  তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে ‍কিছু আইনি জটিলতা রয়েছে।’

কী ধরনের আইনি জটিলতা রয়েছে, এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী ওই দেশের সকল আইনে হেরেছেন। কানাডায় নূর চৌধুরীও সকল আইনি প্রক্রিয়ায় হেরেছেন। কিন্তু নূর চৌধুরী সবশেষ যে যুক্তি সেদেশের আদালতে দেখিয়েছেন সেটা হচ্ছে- আমাকে বাংলাদেশে পাঠালে মৃত্যুদণ্ড দেয়া হবে। ওই দেশে আইন আছে- তারা মৃত্যুদণ্ড সমর্থন করে না। সেকারণে তারা পাঠাবে না। কিন্তু তারপরেও আমরা হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র ও কানাডায় আমরা ল ফার্ম নিয়োগ করেছি। তারা চেষ্টা অব্যাহত রেখেছে।’

দুই জনকে ফেরানোর চেষ্টা:
রাশেদ চৌধুরীর বিষয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর তিন মাস পর অর্থাৎ ২৭ মে মার্কিন আইনি পরামর্শক সংস্থা স্কাডেন এলএলপিকে রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার কাজে যুক্ত করা হয়। সংস্থাটির পক্ষে মামলার তদারক করছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক আইনি পরামর্শক গ্রেগরি ক্রেইগ। ইতিমধ্যে গ্রেগরি ক্রেইগ ও স্কাডেন এলএলপিতে তাঁর সহকর্মীরা মার্কিন পররাষ্ট্র দপ্তর, আইন দপ্তর, হোমল্যান্ড সিকিউরিটি ও অভিবাসন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করেছেন। এরপর বিষয়টি নিয়ে তাঁরা বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন অ্যাটর্নি জন স্টুয়ার্ট ব্রুসের সঙ্গে।

রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে গত বছর পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী মার্কিন আইন দপ্তরে অনুরোধ জানান। মার্কিন আইন দপ্তরের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে স্কাডেন এলএলপি ঢাকায় জানিয়েছে, রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র ইতিবাচক মনোভাব দেখিয়েছে। গত জুনে পররাষ্ট্রসচিব শহীদুল হক মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক লিসা কার্টিসের সঙ্গে বৈঠকে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে পুনরায় অনুরোধ জানান।

বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন ২০০৭ সালে কানাডার উচ্চ আদালত খারিজ করে দিলেও তাঁর নিজের দেশে ফেরতের আগে ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়া বা প্রি রিস্ক রিমুভাল অ্যাসেসমেন্ট (পিআরআরএ) এখনো শেষ হয়নি। এর মধ্যেই আইনি সংস্থা টরি এলএলপি বিষয়টি কানাডা সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাঁকে ফেরত পাঠাতে একটি টাস্কফোর্স বা কমিশন গঠনের বিষয়ে গত এপ্রিলে বাংলাদেশের তিন সদস্যের এক প্রতিনিধিদল কানাডায় আলোচনা করেছে। আগামী ডিসেম্বরে এ নিয়ে আবার দুই পক্ষের আলোচনার কথা রয়েছে।

বিয়য়: ১৫-আগস্ট
 আমার বাবার কথা: শেখ হাসিনা

আমার বাবার কথা: শেখ হাসিনা


আজ থেকে তিন দশকের বেশি সময় আগে—১৯৮৫ সালে গিয়েছিলাম ধানমন্ডির ৩২ নম্বরে; আজকের বঙ্গবন্ধু জাদুঘরে। এই দীর্ঘ সময়ে সমাজে-রাষ্ট্রে নানা ধরনের পরিবর্তন ঘটেছে। যত দিন যাচ্ছে, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে। ইতিহাস তাঁর অবিসংবাদী নেতৃত্বের মূল্যায়ন করছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ঘাতকেরা দেশের স্বাধীনতা, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চেয়েছিল; নেতৃত্বশূন্য করতে চেয়েছিল দেশকে। ঘাতকদের সেই উদ্দেশ্য পূরণ হয়নি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন বাংলাদেশের সরকারপ্রধান।
আমি তখন সচিত্র সন্ধানীতে কর্মরত। কেমন ছিল বাবা আর কন্যার একান্ত সম্পর্ক, ১৫ আগস্টের ঘটনার পর কেমন ছিল তাঁর মানসিক অবস্থা—এসব বিষয় তখন জানতে চেয়েছিলাম শেখ হাসিনার কাছে। আবেগাপ্লুত কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তিনি যা বলেছিলেন, তা উঠে এসেছিল সাপ্তাহিক সচিত্র সন্ধানীর পাতায়। আলাপচারিতা-ভিত্তিক সেই সময়ের লেখাটি প্রথম আলোর পাঠকদের কাছে প্রায় হুবহু তুলে ধরলাম:
শেখ হাসিনার গলার স্বর মুহূর্তে কান্নাভেজা হয়ে গেল। বাবাকে হত্যার বিষয়টি তাঁর কাছে কতটা মর্মস্পর্শী বেদনাদায়ক, তা কি আর বলার অপেক্ষা রাখে? ১০ বছর আগে, ১৫ আগস্টেরও আগে শেখ হাসিনা বাবার কাছ থেকে বিদায় নিয়েছিলেন; ছেলেমেয়েসহ বিদেশে চাকরিরত স্বামীর কাছে যাবেন বলে। কে জানত সেই বিদায়ই শেষ বিদায়?
সে ঘটনার কথা বলতে গিয়ে শেখ হাসিনা মুহূর্তে ব্যাকুল হয়ে উঠলেন। এ তো প্রতিদিনের যন্ত্রণা। তিনি বাবার গড়ে তোলা আওয়ামী লীগের সভানেত্রী। রাজনৈতিক হাজারো টানাপোড়েনের মধ্যে, কাজের মধ্যে ডুবে থাকলেও বাবার হত্যাকাণ্ডের নৃশংসতা তাঁকে আজও বাক্‌রুদ্ধ করে দেয়। কিছুক্ষণ নিশ্চুপ থেকে তিনি বলতে থাকেন:
শুধু বাবার চেহারাটা মনে হয়, ভাবি, যার জন্য দেশ স্বাধীন হলো, তাঁকে এভাবে হত্যা করা হলো! আর করল এ দেশেরই কিছু কাপুরুষ? আর কখন করল? যখন স্বাধীনতার পর সাড়ে তিন বছর কেটে গেছে, দেশে পুনর্গঠনের কাজ চলছে, তখন। স্বাধীনতা ঘোষণা দেওয়ার সময় এবং মুক্তিযুদ্ধের পুরো সময় তাঁর জীবন বিপন্ন ছিল—শত্রুর হাতে ছিলেন বন্দী, কিন্তু তখনো তাঁকে হত্যা করতে সাহস পায়নি ঘাতকেরা। অথচ যে সময় তিনি দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুরু করেছিলেন, সে সময়ই তাঁকে ঘাতকেরা হত্যা করল। আমি তখন বেলজিয়ামে ছিলাম। হঠাৎ সকালে খবর পেলাম, বাংলাদেশে ‘ক্যু’ হয়েছে। মনে হয়েছিল, বাংলাদেশে ‘ক্যু’ হয়ে থাকলে আমার আর কেউ নেই। আমি হতচেতন হয়ে পড়ি। তখনো পুরো খবর পাইনি। খবর পাওয়ার পর আমি কী অবস্থায় ছিলাম, তা আর আমি বলতে পারি না। কোনোভাবেই আমি এই হত্যাকাণ্ডকে সহ্য করতে পারিনি। এখনো তা একই রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে।
আগস্ট মাসের প্রথম সপ্তাহে শেখ হাসিনা বাবার কাছাকাছি ছিলেন, বাবা-মা-ভাইবোনের মৃত্যু ঘনিয়ে এসেছে, এমন কিছু কি তিনি জেনেছিলেন? তাঁর বাবাকে কি বিচলিত হতে দেখেছিলেন সে সময়?
শেখ হাসিনা তৎক্ষণাৎ বলে উঠলেন, না তো। তেমন তো কোনো ঘটনাই ঘটেনি, কোনো আভাসও শুনিনি যে এত বড় আঘাত নেমে আসতে পারে পুরো পরিবারের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি চলছিল বাবাকে সংবর্ধনা দেওয়ার। সেটা ছিল বরং সুন্দর আনন্দের সময়। তবে কি জানেন, বাবা সব সময় আঘাতের জন্য প্রস্তুত ছিলেন। বলতেন, ‘গরিব-দুঃখীর ভাত-কাপড়ের যাঁরা ব্যবস্থা করেছেন, তাঁরাই নিহত হয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির অনেক আছে।’ স্বাধীনতার পর ছাত্র ইউনিয়নের সম্মেলনে বলেছিলেন, ‘আমি জানি, চিলির আলেন্দের মতো আমাকে হত্যা করা হতে পারে, কিন্তু তাতে আমি ভীত নই।’ সে রকমই তো হলো শেষ পর্যন্ত।
ভয়ভীতির কাছে কোনো দিন বাবা মাথা নত করেননি। রাজনৈতিক জীবনের প্রথম থেকেই উনি জানতেন, জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি নিয়েই রাজনীতি করতে হয়। অন্যায়ের সঙ্গে আপস করা তাঁর কাছে ঘৃণাজনক ছিল।
যে মুহূর্তে তিনি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিলেন, দেশের মানুষের জন্য সুন্দর জীবন গড়ার প্রতিশ্রুতি দিলেন যখন, তখনই নেমে এল তাঁর ওপর আঘাত।
বিদেশেই ছিলাম ১৯৮১ সালের মে মাস পর্যন্ত। অনেকে অনেকভাবে বাবার হত্যাকাণ্ডের ব্যাখ্যা দিতে চেয়েছে। কাগজে দেখেছি, গণতন্ত্রের জন্য, জিনিসের দাম কমানোর দাবিতেই নাকি আমার বাবাকে হত্যা করা হয়েছে। এটা নিছক একটা অজুহাত ছিল। পার্লামেন্টের তখন সার্বভৌম ক্ষমতা ছিল। স্বাধীনতার পর সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা তখন চালু ছিল। দেশে ছিল সত্যিকার গণতন্ত্র। আর জিনিসের দাম বাড়ার বিষয়, অভাব-দুর্ভিক্ষের বিষয় যে চক্রান্ত করেই সৃষ্টি করা হয়েছিল, মুজিব সরকারের পতনকে অবশ্যম্ভাবী করার জন্য, সেটা তো আজ সবারই জানা হয়েছে।
তা ছাড়া এটাও দেশবাসী ভালো করেই জানেন যে সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী ব্যক্তি ও সুযোগসন্ধানী কয়েকজন রাজনীতিবিদ একত্রে ষড়যন্ত্র করে এই নজিরবিহীন হত্যাকাণ্ড সমাধা করেছে। ক্ষমতালাভের সহজ পথ হচ্ছে ষড়যন্ত্র ও চক্রান্তের পথে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতাসীনকে ক্ষমতাচ্যুত করা। মুজিব হত্যার পর এই পথেই তো বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে।
১৫ আগস্ট ৭৫-এ সামরিক অভ্যুত্থান বা ‘ক্যু’ হয়েছিল বলে কথা চলে এসেছে। আসলে এটি ছিল নেহাত ডাকাতি। গোটা জাতির বিরুদ্ধে এটা ছিল একটা ডাকাতি।
আমরা দুই বোন বিদেশে ছিলাম। আমাদের গোটা পরিবারকে হত্যা করা হলো। ক্ষমতা পেল মোশতাক। সে তো রাজনীতিবিদ। সামরিক অভ্যুত্থান হলে রাজনীতিবিদ ক্ষমতা পায় কী করে? ঘোষণা দেওয়া হলো গণতন্ত্র প্রতিষ্ঠার। কিন্তু প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের কথা বলে অগণতান্ত্রিক পন্থায় এল কেন? এই প্রশ্ন আমার সাধারণ মানুষ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সব স্তরের মানুষের কাছে: এখনো কীভাবে ১৫ আগস্টের অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে এ দেশে বক্তব্য দেওয়া চলছে, এখনো বঙ্গবন্ধুর বিষয়ে সমালোচনা চলতে পারে? বাঙালি কৃষ্টি, সংস্কৃতি, জাতিসত্তার জন্য বাঙালির হয়ে যে ভূমিকা তিনি রেখেছেন, সেই জন্যই তো তাঁকে প্রাণ দিতে হলো—এ বিষয়টি আজ সবার ওপর স্থান দিতে হবে।
শেখ হাসিনার মুখে তখন জ্বলজ্বল করছিল বাবার জন্য গর্ব।
বাঙালির জন্য, বাঙালি জাতিসত্তার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর সংগ্রামী ভূমিকা জনগণের কাছে নতুন করে বলার কিছুই নেই। তবু শেখ হাসিনার মুখ থেকে তাঁর বাবার এই ভূমিকা বিষয়ে কিছু শুনতে চাইলে তিনি বললেন:
আমার বাবা যখন থেকে রাজনীতিতে জড়িত হন, তখন পূর্ব পাকিস্তানে বাঙালিরা ছিলেন পাক শোষণে জর্জরিত। পর্যায়ক্রমে বারবার আমাদের ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ইতিহাসের ওপর এসেছে আঘাত, পাক সরকার বারবার সেসব ধ্বংস করতে উদ্যত হয়েছিল।
আমি দেখেছি, বাবা এসব নিয়ে খুবই ভাবতেন। সেনাবাহিনী, চাকরি, ব্যবসা-বাণিজ্য, উচ্চতর পড়াশোনা, বিজ্ঞানসাধনা, বিদেশে চাকরি—কোনো ক্ষেত্রেই বাঙালির স্থান ছিল না। খুব কমসংখ্যক, বলা যায়, নামমাত্র দু-একজন সুযোগ পেয়ে যেতেন। বাবা এ নিয়ে বিচলিত হতেন। শুনেছি ৫২-র ভাষা আন্দোলনের সময় ছাত্র হিসেবে তাঁর যথাযথ ভূমিকাই তিনি রেখেছিলেন।
পরবর্তী পর্যায়ে দেশের সব ক্ষেত্রে যখন বাঙালির ওপর চরম শোষণ নেমে এল, তখন ৬৫-র পর তিনি আওয়ামী লীগ থেকে ৬ দফার আন্দোলনের ঘোষণা দিলেন।
আমি পরিবারের বড় মেয়ে হিসেবে বাবাকে তখন খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। যদিও আজ থেকে ২০ বছর আগের কথা, তবু মনে হয় স্পষ্ট দেখছি বাবাকে। খাবার টেবিলে যদি আমরা বাবাসহ খেতে বসেছি, কিংবা দুর্লভ সব মুহূর্তে বাবাকে ঘিরে বসে গল্প শুনছি, গল্প করছি, তখন হঠাৎ বাবা বলতেন, এখন চুপ; বলো তো কী আমাদের প্রতিজ্ঞা? আমরা ট্রেনিং-প্রাপ্তের মতো চটপট ছয় আঙুল তুলে বসে থাকতাম। বাবা খুশি হতেন। হ্যাঁ, এই ছিল আমাদের প্রতিজ্ঞা। বাবা সংগ্রাম করছেন ছয় দফার জন্য, অতএব আমরাও তাঁর সঙ্গে একাত্ম হয়ে এই সংগ্রামে শরিক থেকেছি। স্বাধীনতাসংগ্রামের শুরুতে ৬৯-এর গণ-অভ্যুত্থানের সময় বাবা খাবার টেবিলে আমাদের সঙ্গে যখন খেতে বসতেন বা কথা বলতেন, তখন ছয় আঙুল তুলেই পাঁচ আঙুল সরিয়ে নিতেন, বলতেন, এখন শুধু এক দফা।
এরপর নতুন মোড় নিল সংগ্রাম। ছয় দফা আন্দোলন পরিণত হলো ১১ দফা আন্দোলনে। আগরতলা ষড়যন্ত্র মামলায় বাবাকে অভিযুক্ত করা হলো। বন্দী করা হলো। সঙ্গে আরও অনেককে। ঢাকা সেন্ট্রাল জেল থেকে কন্ট্রোল রুমে নিয়ে যায়। আমরা জানতে পারিনি। ছয়-সাত মাস বাবার কোনো খোঁজই পাইনি। সে সময় আমরা যথেষ্ট কষ্ট ও দুর্ভোগের মধ্যে কাটিয়েছি কিন্তু এক দিনের জন্যও যে ভেঙে পড়িনি, সে জন্য আমার মায়ের দৃঢ়চেতা ভূমিকাই ছিল প্রধান।
বাবাকে প্যারোলে মুক্তি দিয়ে আইয়ুব খানের সঙ্গে বৈঠকে বসানোর চেষ্টা চলছিল তখন। আমার মনে আছে, তখন বাবার কিছু কিছু সহযোগী চেয়েছিলেন এই বৈঠক হোক। কিন্তু আমরা জানতাম, জনতা বাবার ওপর ভরসা করে আছে। আইয়ুব খানের সঙ্গে বৈঠকে বসে স্বাধীনতার দাবি পূরণ করা যাবে না। সেই মুহূর্তে বাবা সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এ নিয়ে তখন নানা তর্ক-বিতর্ক চলছিল। সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়েছিল। অনেকে ভাবছিলেন, পাক সরকার বাবাকেও মেরে ফেলবে। তার চাইতে আলোচনার প্রস্তাবে রাজি হওয়া ভালো।
আমরা অত্যন্ত বিরোধিতা করেছিলাম। মা বাবাকে বলে পাঠিয়েছিলেন, তিনি যেন প্যারোলে মুক্তি মেনে নিয়ে বৈঠকে না বসেন। এমনও বলেছিলেন যে তুমি জান না বাইরের জনতা, দেশবাসী তোমার নেতৃত্বের জন্য অপেক্ষা করছেন, দেশে এখন এমন আন্দোলন চলছে, যার পরিপ্রেক্ষিতে আইয়ুব খান এখন আপসের জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এ হতে পারে না। বৈঠকে বসে তুমি জনগণের সঙ্গে প্রবঞ্চনা করতে পারো না। যদি তুমি বৈঠকে যাও, তবে আমি পল্টন ময়দানে তোমার বিরুদ্ধে বক্তৃতা দেব।’
মনে আছে, বাবা এ কথা শুনে প্রাণ খুলে হা হা করে হেসে উঠেছিলেন। বলছিলেন, ‘তাহলে তো ভালোই হয়।’ আমার মা ছিলেন পর্দানশিন। কখনো বাইরের সভা, জনসভায় যেতেন না। পরিচিত লোক ছাড়া কারও সামনে বের হতেন না। বাবা চাইতেন, তিনিও তাঁর সঙ্গে কাজ করুন। কিন্তু সেটা সম্ভব হতো না। তাই বাবা হেসেছিলেন, মা কতটা বিচলিত হয়েছিলেন যে পল্টনে বক্তৃতার কথা তুলেছিলেন, সেটা বাবা উপলব্ধি করেছিলেন। এ ঘটনার পর বাবা দৃঢ় সিদ্ধান্ত নিলেন যে প্যারোলে মুক্তি তিনি নেবেন না, বৈঠকে তিনি যাবেন না।
আমার মনে আছে, দুজন রাজনীতিবিদ আইনজীবী আমাকে খুবই আক্রমণ করে প্রশ্ন করেছিলেন, ‘তুমি কেমন মেয়ে, চাও না যে বাবা বেরিয়ে আসুক বন্দিশালা থেকে?’ এ কথা শুনে খুবই খারাপ লেগেছে। কোন সন্তান না চায় বাবাকে কাছে পেতে? কিন্তু বাবা যখন কষ্ট করছেন দেশের ও দশের জন্য, তাঁর অভাবে যখন আমাদের মন বিদীর্ণ, কিন্তু তবু বাবা যেন বৃহত্তর সংগ্রামে জয়ী হতে পারেন, সে জন্য আমরাও মন শক্ত করতে প্রস্তুত হচ্ছিলাম, ক্ষুদ্র সাংসারিক বেদনার ঊর্ধ্বে বাবাকে রেখেছিলাম—যখন সমগ্র জাতি ও জনগণ আমাদের সমর্থন জানাচ্ছিল, তখন এই ধরনের ক্ষুদ্র স্বার্থান্বেষী মহলের কথা শুনে আমি খুব কেঁদেছিলাম।
শেখ হাসিনা সেদিনের কথা মনে করে যেভাবে ভাবাপ্লুত হয়ে ওঠেন, তা খুবই স্বাভাবিক ছিল কিন্তু আমার জন্য ছিল খুবই বেদনাদায়ক। এমন একটি বিষয়ে তাঁকে এ সময় আলোড়িত করা কি ঠিক হচ্ছে? তিনি আমার ইতস্তত ভাব দেখে, বেকায়দা অবস্থা দেখে একটু হাসলেন, বললেন, স্মৃতি তো অনেক—স্মৃতি তো পীড়িত করছে সব সময়। বাবাকে পেয়েছি খুব অল্পই—সব সময় রাজনৈতিক কাজে ব্যস্ত, তাঁকে জেল-জুলুম সইতে হয়েছে অনেক, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। কিন্তু তবু তো আমার এমন কিছু দুর্লভ স্মৃতি বাবাকে জড়িয়ে রয়েছে, যা আমার একান্তই নিজস্ব সম্পদ এবং এমন কিছু স্মৃতি রয়েছে, যা দেশ ও জাতিরও সম্পদ।
ধানমন্ডির ৩২ নম্বর রোডের বঙ্গবন্ধুর বাড়িতে বসে কথা হচ্ছিল। এই বাড়িতেই শেখ হাসিনার বহু স্মৃতি জড়িত। যে ঘরে বসে কথা হচ্ছিল, সে ঘরটিতে একসময় বসতেন তাঁর বাবা। দীর্ঘ ছয় বছর বিদেশে থেকে দেশে ফেরার পর এই বাড়িতে এসে তাঁর যে প্রতিক্রিয়া হয়েছিল, যেভাবে তিনি ভেঙে পড়েছিলেন, সে কথা আজ মনে পড়ছিল তাঁর। এই বাড়ির সিঁড়িতে এখনো বঙ্গবন্ধুর রক্ত, ওপরের প্রতিটি ঘরে এখনো হত্যার চিহ্ন রয়েছে। ঘরগুলো বন্ধ রয়েছে। তাঁর দীর্ঘশ্বাস ঘরের আবহাওয়াকে আর্দ্র করে তোলে। তিনি বলেন:
বাবা আমাকে খুবই স্নেহ করতেন, ছেলেমেয়ের প্রতি ছিলেন যথেষ্ট যত্নবান। যদিও তাঁকে আমরা সবাই সংসারের জটিলতার মধ্যে টানিনি কখনো, নিজেরাই সব প্রতিকূল অবস্থাকে মোকাবিলা করেছি, কিন্তু লক্ষ করেছি, বাবা তা টের পেতেন। তাঁর মনে বিরাট করে বাজত আমাদের দুঃখ-কষ্ট। কিন্তু দেশ ও জাতি তাঁর কাছে বড় হয়ে উঠুক, আমরা তাঁকে এই প্রেরণা জোগাতাম।
অবসর সময় তাঁর ছিল না মোটেও। তবু যখনই সময় হতো, সেটাই ছিল তাঁর অবসর এবং আমাদের সে সময়টাতেই তাঁর জন্য জেগে থাকতে হতো। আমার বাচ্চাদের সাথে তাঁর হাসিখুশি খেলা ছিল অবসর বিনোদনের একটা অঙ্গ। দুপুরে ওদের ঘুম পাড়িয়ে রাতে সজাগ রাখতে হতো, বাবা কাজ থেকে ফিরে এসে ওদের সাথে খেলা করবেন, সে জন্য।
আমি যে অত বড় ছিলাম, ছেলেমেয়ের মা তখন, সে সময়ও কথা বলতে বলতে পরখ করতেন হাতের নখ কাটা হয়েছে কি না, তা দেখার জন্য। না খেয়ে ঘুমিয়ে গেলে রেহাই ছিল না। যত রাতই হোক, বাবা ফিরে এসে ঘুম ভাঙিয়ে নিজের হাতে খাওয়াতেন। আর আমার ভেজা চুলের গোছা নিয়ে নিত্যদিন এক ঘটনা ঘটত। কলেজ থেকে ফিরে ভেজা চুল বাঁধা অবস্থাতেই ঘুমিয়ে যেতাম সন্ধ্যা হলে। বাবা রাতে এসে তা দেখে চুল খুলে ফ্যানের বাতাসে শুকিয়ে আঁচড়ে দিতেন—এমন ঘটনা রোজই ঘটত। আমিও ঘুম ভেঙে গেলেও চুপ করে চোখ বুজে বাবার এই সস্নেহ যত্নটুকু উপভোগ করতাম। এসব খুঁটিনাটি বহু স্মৃতি আমার হৃদয়ে মণিকোঠায় সঞ্চিত আছে। সেসব বলতে গেলে এক বিরাট কাহিনি হয়ে দাঁড়াবে—একদিন প্রকাশ করব নিশ্চয়ই।
তাঁর ব্যক্তিগত এই স্বীকারোক্তিটা, সদিচ্ছাটা যদি বাস্তবে রূপ পায়, তবে নিশ্চয়ই একটা কাজের কাজ হবে। আমরা সে রকমই আশা করব, যেন দ্রুতই শেখ হাসিনা স্মৃতিকথা লেখেন, তাঁর বাবাকে কাছ থেকে দেখা বিষয়ে আলোকপাত করেন।
এই কথার জের টেনেই জানতে চাইলাম, তিনি কি কিছু বলবেন মুজিব হত্যার ১০ বছর পরবর্তী দেশের পরিস্থিতি বিষয়ে?
শেখ হাসিনা বলিষ্ঠ কণ্ঠে বললেন, সবাই তো জানেন বঙ্গবন্ধু হত্যার ঘটনার পর থেকেই হত্যার রাজনীতির শুরু। স্বঘোষিত প্রেসিডেন্ট হওয়া ও পরে রাজনীতিতে যোগ দেওয়া—এ ঘটনা তো ঘটেই চলেছে। রাজনীতিবিদদের গালি দিতে দিতে ক্ষমতা দখলের শুরু হয় এবং পরে ক্ষমতাসীনেরাই রাজনীতি করতে শুরু করেন। অথচ সত্যিকার রাজনীতিবিদদের রাজনীতি করা বন্ধ করা হয়।
বঙ্গবন্ধুকে যারা খুন করেছে, তাদের বিচার হয়নি আজও। বরং পুরস্কৃত করা হয়েছে। হত্যাকারীদের শেষ আশ্রয়স্থল হয়েছে বাংলাদেশ দূতাবাস। এই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শুরু, তার জের এখনো চলছে। দিনের পর দিন হত্যা, নির্যাতন, নারী নির্যাতন, অপহরণ, খুন বেড়েই চলেছে। সাধারণ মানুষের জীবিকা চালানো দুঃসাধ্য।
যে ধারা চলছে এই ১০ বছর ধরে, তাতে দেখা যাচ্ছে, হত্যা করে ক্ষমতায় যাওয়া ও দল গঠন একটা রেওয়াজ হয়ে গেছে। কিছু উচ্চাভিলাষী রাজনীতিবিদ কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন একশ্রেণির অপরাধীদের নিয়ে দল গঠনের বিষয়টি সবার চোখের সামনেই করছেন।
রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা না করে অস্ত্র ব্যবহার ও সন্ত্রাস করে রাজনীতির অঙ্গনকে দখলের অপচেষ্টা চলছে।
এই পর্যন্ত বলে তিনি বললেন, রাজনীতিবিদদের জীবনে জনগণের আস্থাই সম্বল। অশুভ শক্তি রাজনীতিবিদদের এই সম্বল ও জনগণের আস্থাকে নষ্ট করার জন্যই তৎপর থাকে।
জানতে চাইলাম, শেখ হাসিনা কি তাঁর জীবনে জনগণের আস্থা বজায় রাখতে পারছেন? তাঁর বাবাকে কেমনভাবে দেখেছেন জনগণের আস্থা অর্জন করতে? তাঁর বাবার কি দুর্নাম ছিল না?
তিনি বললেন, বাবার পথ ধরেই রাজনীতিতে এসেছি। বাবা যে দল গঠন করে গেছেন, সেই সংগঠনেই আমি নেতৃত্ব দিচ্ছি। বাবা কষ্ট করে দল করে রেখে গেছেন, আমি তৈরি পেয়েছি।
তিনি বললেন, বাবার রাজনৈতিক জীবনে মিথ্যা, দুর্নাম রটেছিল তো বহু। কিন্তু তাঁর সমগ্র জীবনের পুরস্কারপ্রাপ্তির পর্যালোচনা থেকেই তো বোঝা যায়, এই দুর্নাম কতটা ছিল মিথ্যা-বানোয়াট।
আমি যদি জনগণের জন্য, দেশ ও জাতির জন্য কিছু করি, তবে অশুভ শক্তি আমার নামে মিথ্যা-বানোয়াট বানিয়ে কিছু বলবেই। কিন্তু জনগণকে যদি সত্যিকার ভালোবাসা যায়, তবে জনগণের ভালোবাসাও সত্যি হয়ে ওঠে।
বাবা জনগণকে ভালোবেসেছিলেন, দেশ ও জাতিকে ভালোবেসেছিলেন সবকিছুর ঊর্ধ্বে—তাই আজ এত বছর পরও দেশবাসী তাঁর হত্যাকাণ্ডের জন্য অশ্রু মোচন করে, শোক করে।
১৫ আগস্টকে সামনে রেখে আওয়ামী লীগের কর্মসূচি নেওয়া হয়েছে। দেশব্যাপী কর্মীদের রক্তদানের কর্মসূচির কথা বলতে গিয়ে তিনি বললেন, আমার বাবা রক্ত দিয়েছেন, চরম মূল্য দিয়েছেন দেশ ও জাতির জন্য, আমরা রক্ত দিচ্ছি সেই রক্তাক্ত দিনের কথা স্মরণ করেই—যদি কোনো রুগ্ণ, অসুস্থ মৃত্যুপথযাত্রী এই রক্তে জীবন ফিরে পায়, তবেই আমরা হব কৃতার্থ।
শেখ হাসিনা বলতে চেয়েছেন অনেক কথা। কিন্তু সব কথা প্রকাশের ছাড়পত্র নেই। বাবার প্রসঙ্গে বলতে গেলেও তো সেই একই প্রসঙ্গ। রাজনীতি ছাড়া বঙ্গবন্ধুর কোনো সত্তাকে বুঝতে পারা যাবে না, বঙ্গবন্ধুকে শুধু মেয়ের চোখেও যদি দেখতে চাই, সে দেখাতেও তো ঘুরেফিরে বাংলার অমিততেজ রাজনৈতিক ব্যক্তিত্বকেই চোখে পড়ে। ব্যক্তিগত জীবনে তিনি বাবা হলেও দেশ ও জাতির পিতা ছিলেন, সেটাই তো একমাত্র ও চূড়ান্ত পরিচয়।
 কথা শেষ না হতেই শুরু হলো ব্রাশফায়ার

কথা শেষ না হতেই শুরু হলো ব্রাশফায়ার

হাত মেলাচ্ছেন আবদুর রব সেরনিয়াবাত। ছবি: লেখকের পারিবারিক অ্যালবাম থেকে
সিলেট বাংলা ডেস্ক: মাত্র দু-হাত দূরত্বের মধ্য থেকে শুরু হলো ব্রাশফায়ার। তখনো আমার হাত ধরে ছিলেন আব্বা। এই প্রথমবার আমি চিত্কার করে জড়িয়ে ধরলাম আব্বাকে। আবার দ্বিতীয় রাউন্ড। মাটিতে পড়ে গেলাম। মনে হলো আব্বাও উপুড় হয়ে পড়লেন
তখন আমরা থাকতাম মিন্টো রোডের ২৭ নম্বর বাসায়। ১৯৭৫ সালের ১৪ আগস্ট। আর দশটা দিনের মতোই ব্যস্ততায় কেটেছে দিনটি। সেদিন ছিল আমার দাদির মৃত্যুবার্ষিকী। প্রতিবছর এই দিনটিতে আব্বা বরিশাল যান। কিন্তু ওই দিন কোনো বিশেষ কারণে যেতে পারেননি। তাই মিন্টো রোডের বাসাতেই মিলাদ পড়ানো হলো। রাতে বড় মামা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) ছাড়া তাঁর ও মণি·(শেখ ফজলুল হক) ভাইয়ের পরিবারসহ আমাদের নিকট আত্মীয়রা এসেছিলেন বাসায়। মিলাদের পর রাসেল, আমাদের সবার ছোট ভাই আরিফ, বড় ভাইয়ের (আবুল হাসনাত আবদুল্লাহ) ছেলে বাবু ও অন্য বাচ্চারা চোর-পুলিশ খেলছিল। আমরা অনেকে কাজের ফাঁকে ফাঁকে গল্প করছিলাম।
রাত ১০টা নাগাদ আত্মীয়স্বজন বিদায় নিলেন একে একে। আব্বা সন্ধ্যারাতে বাসায় এসে আবার বাইরে গিয়েছিলেন। কী যেন জরুরি বৈঠক ছিল। মামাও ছিলেন সেখানে। সাড়ে ১০টার দিকে চলে এলেন আব্বা। আমরা খেতে বসলাম তাঁর সঙ্গে। রাতের বেলা খাবারের টেবিল ছাড়া সাধারণত আব্বার সাক্ষাৎ খুব একটা পেতাম না আমরা। খেতে বসেই আমাদের পড়াশোনার খোঁজ নিতেন তিনি। খাওয়া শেষ হলো। যে যার রুমে চলে গেলাম।
হামিদা সেরনিয়াবাত
 আমি আর ছোট বোন বেবী এক ঘরেই থাকতাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল ভোর রাতে। বেবীও উঠে পড়ল। একটু পরই বুঝতে পারলাম মুহুর্মুহু গুলি হচ্ছে। জানালার কাচ ভেঙে পড়ছে। আমরা দু-বোন দৌড়ে আব্বা-মায়ের ঘরে চলে গেলাম। ভাই, ভাবি, বাচ্চারা, ছোট ভাই—যে যার ঘর থেকে চলে এল আব্বার ঘরে।
কিছুই বুঝতে পারছিলাম না আমরা। মা আব্বাকে বললেন মামার বাসায় টেলিফোন করতে। আব্বা টেলিফোনে বড় মামার সঙ্গে কথা বললেন। মা জিজ্ঞেস করতেই আব্বা গম্ভীরভাবে বললেন, তাঁরও আমাদের মতো অবস্থা। আমরা সবাই কিংকর্তব্যবিমূঢ়। মা ভাবিকে বললেন মণি ভাইকে টেলিফোন করতে। মণি ভাই পরিস্থিতির বুঝে বললেন, ফোন রাখেন আমি দেখছি।

এরই মধ্যে কানে এল বুটের আওয়াজ। বুটগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠছে। ওরা ঘরের মধ্যে ঢুকে পড়ল। সশস্ত্র, ১৫-২০ জন হবে। সবাইকে বলল নিচে নামতে। সিঁড়ি দিয়ে নামার সময় আব্বা ধরে ছিলেন আমার হাত।
আমাদের সবাইকে নিচে ড্রয়িং রুমে আনা হলো। আব্বাকে একজন নাম জিজ্ঞেস করল। আব্বা বললেন, আমার নাম আবদুর রব সেরনিয়াবাত। আগের দিন বরিশাল থেকে চার-পাঁচজন ছেলে এসেছিল। তাদেরও আনা হয়েছে ওই ঘরে। আব্বা সশস্ত্র লোকদের জিজ্ঞেস করলেন, আপনাদের কমান্ডিং অফিসার কে? একজন রাগান্বিত হয়ে বলল, আমাদের কোনো কমান্ডিং অফিসার নেই।
কথা শেষ হতে না হতেই মাত্র দু-হাত দূরত্বের মধ্য থেকে শুরু হলো ব্রাশফায়ার। তখনো আমার হাত ধরে ছিলেন আব্বা। এই প্রথমবার আমি চিত্কার করে জড়িয়ে ধরলাম আব্বাকে। আবার দ্বিতীয় রাউন্ড। মাটিতে পড়ে গেলাম। মনে হলো আব্বাও উপুড় হয়ে পড়লেন।
জ্ঞান ফিরলে চেয়ে দেখলাম আমি হাসপাতালে। শুনলাম মণি ভাই, আরজু আপা, বড় মামার বাসায় লোকজন—কেউ বেঁচে নেই। চিত্কার দিয়ে আবার জ্ঞান হারালাম। এভাবে অচেতন অবস্থায় কেটে গেল ১৪ দিন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। যখন পুরোপুরি জ্ঞান ফিরল, চিকিৎসক বললেন, পাশের ওয়ার্ডে আমার মা, ভাবি ও ছোট বোন আহত অবস্থায় বেঁচে আছে। মেডিকেল কলেজ হাসপাতালের তিনতলায় চক্ষু বিভাগের একটি ঘরে রাখা হলো আমাদের চারজনকে। আমাদের বাসার আর কেউ বেঁচে নেই। আস্তে আস্তে আমার কাছে সবকিছু স্পষ্ট হতে লাগল।
পরে জেনেছি, খুনিরা চলে গেলে আমাদের বাসার দুজন সিকিউরিটি গার্ড রমনা থানায় গিয়েছিলেন খবর দিতে। তত্কালীন ওসি অনেকটা ঝুঁকি নিয়েই আমাদের তাঁর নিজস্ব পুলিশ ভ্যানে পাঠিয়েছিলেন হাসপাতালে।
ওই রাতে ঘাতকের বুলেটের আঘাতে আমাদের বাসায় প্রাণ হারিয়েছেন আমার বাবা আবদুর রব সেরনিয়াবাত, চাচাতো ভাই সাংবাদিক শহিদ সেরনিয়াবাত, বোন বেবী সেরনিয়াবাত, ভাই আরিফ সেরনিয়াবাত, ভাইয়ের ছেলে সুকান্ত বাবু সেরনিয়াবাত ও বরিশালের ক্রিডেন্স শিল্পগোষ্ঠীর সদস্য আবদুর নঈম খান রিন্টু। আর বাকি যারা ছিলাম আমরা, সবার নাম আহতের খাতায়।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আবদুর রব সেরনিয়াবাত। ছবি: লেখকের পারিবারিক অ্যালবাম থেকে
 হাসপাতালে প্রায় এক মাস পর মা, ভাবি, ছোট বোন রিনা কিছুটা সুস্থ। উঠে বসে সামান্য হাঁটাচলা করতে পারে। কিন্তু আমার সেই শক্তিটুকুও নেই। অনুভব করলাম, ডান পা অবশ হয়ে গেছে আমার, কোনো কাজ করছে না। চিকিৎসকেরা পরীক্ষা করে বললেন, গুলিতে ডান পায়ের কয়েকটি শিরা ছিঁড়ে গেছে।
পায়ে কয়েক দিন ফিজিওথেরাপি করার পর দেখা দিল নতুন উপসর্গ। শরীরে অসম্ভব যন্ত্রণা—জ্বালাপোড়া হতো সারাক্ষণ। দিন-রাত শুধু চিত্কার করি। মাঝেমধ্যেই আমাকে পেথিডিন দিয়ে অচেতন করে রাখা হয়। চিকিৎসকেরা বললেন, এটা বারুদের প্রতিক্রিয়া।
এভাবেই চলতে লাগল অনেক দিন। প্রায় তিন মাস ঢাকা মেডিকেল হাসপাতালে দুর্বিষহ দিন কাটিয়েছি। পরে নানা চড়াই-উতরাই পেরিয়ে চিকিৎসার জন্য গিয়েছি ভারতে।
আমার পরিবারের যাদের হারিয়েছি, যা হারিয়েছি, তা কি আর আর ফিরে পাব? না। এখনো শরীরে ১০টি বুলেটের আঘাত বহন করে ৪২ বছর আমি বয়ে বেড়াচ্ছি দুঃসহ স্মৃতির ভার। সেই রাতের করুণ কাহিনি মনে হলেই আজও নদী হয়ে যায় দু চোখ।
হামিদা সেরনিয়াবাত: আবদুর রব সেরনিয়াবাতের মেয়ে।